২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নাটোর শহরের ভবানীগঞ্জ মহল্লায় রোববার রাতে শহিদুল্লাহ (২৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শহিদুল্লাহ শহরের মাদ্রাসা মোড়ের লিয়াকত আলীর ছেলে। তিনি ওয়ার্কশপের ব্যবসা করতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2009, 11:11 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

নাটোর, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোর শহরের ভবানীগঞ্জ মহল্লায় রোববার রাতে শহিদুল্লাহ (২৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শহিদুল্লাহ শহরের মাদ্রাসা মোড়ের লিয়াকত আলীর ছেলে। তিনি ওয়ার্কশপের ব্যবসা করতেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একই মহল্লার জুয়েলের স্ত্রী সানজিদা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে জুয়েল পলাতক রয়েছেন। প্রাথমিক তদন্তে এ ঘটনার সঙ্গে জুয়েল ও তার স্ত্রী সানজিদা খাতুনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানান নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফিজুর রহমান। শহিদুল্লাহ হত্যার বিচার দাবি করে নাটোর জেলা ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সোমবার শহরে ধর্মঘট পালন করে। ধর্মঘট চলার সময় শিল্প মালিক সমিতির সদস্যরা কালো পতাকা উত্তোলন এবং মৌন মিছিল করেন। এসআই মাহফিজুর জানান, রোববার রাত সোয়া ১১টায় শহিদুল্লাহকে নিজের বাড়ি থেকে ডেকে নিয়ে যান তার বন্ধু জুয়েল। পরে অজ্ঞাতনামা এক ভ্যানচালক রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে শহিদুল্লাহকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা জানান শহিদুল্লাহ মারা গেছেন। তিনি জানান, ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শহিদুল্লাহর বাবা লিয়াকত আলী থানায় একটি হত্যা মামলা করেছেন। জুয়েলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এসআই মাহফিজুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭২০ ঘ.