২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত অর্ধশত

ফরিদপুর জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশত আহত হয়েছে। এছাড়া দুটি বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায় প্রতিপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2009, 07:36 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ফরিদপুর, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ফরিদপুর জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশত আহত হয়েছে। এছাড়া দুটি বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায় প্রতিপক্ষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ২৩ জনকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ও ৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শংকর কুমার দাস জানান, আলীম মাতুব্বর ও আব্দুল হাই মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আলীম মাতুব্বর আওয়ামী লীগের ও আব্দুল হাই মাতুব্বর বিএনপির সমর্থক হিসেবে এলাকায় পরিচিত। রোববার বিকেল পর্যন্ত উভয়পক্ষই অস্ত্রশস্ত্রসহ কাঁঠালবাড়িয়া বাজারে মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধশত আহত হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন আব্দুল হাই মাতুব্বর ও তার সমর্থক শুকুর মাতুব্বরের বাড়িতে ভাংচুর ও লুটপাট করে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে কেউ থানায় অভিযোগ করেনি বলে জানান ওসি। গট্টি ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার রেজাউর রহমান চয়ন জানান, দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। সালথা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, এটি কোনো রাজনৈতিক বিরোধ নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এইচএ/১৩৩০ ঘ.