সাভার, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতির অভিযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সাভার বিভাগীয় কার্যালয়ের দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এসএম সহিদুর রহমান বাদী হয়ে রোববার রাতে সাভার থানায় এ মামলাটি করেন।
আসামিরা হলেন- বিটিসিএল'র সাভার কার্যালয়ের তৎকালীন বিভাগীয় প্রকৌশলী (বর্তমান দিনাজপুর কর্মরত) মো. মিজানুর রহমান এবং তৎকালীন সাভারের বিভাগীয় হিসাবরক্ষক (বর্তমান ঢাকায় কর্মরত) মো. আজিজুল হক।
মামলার বিবরণে জানা যায়, সাভার বিভাগীয় অফিসে কর্মরত থাকাকালে এ দুই কর্মকর্তা ২০০৪-'০৫ এবং ২০০৫-'০৬ অর্থবছরে ক্ষমতার অপব্যবহার করে মেরামত ও সংরক্ষণ কাজের বাজেট বহির্ভুত ৮২ লাখ ১৩ হাজার ৪ শ' ৩৭ টাকা আত্মসাত করেছেন।
পরে বিষয়টি দুদকের অনুসন্ধান দল তদন্তে ঘটনার সত্যতা পায়।
ঘটনার বিবরণে আরও বলা হয়, সাভার কার্যালয়ে ২০০৪-'০৫ অর্থ বছরে মেরামত ও সংরক্ষণ কাজের বরাদ্দ ছিল ১ কোটি ৪৭ লাখ টাকা। অথচ ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার ২ শ' ২৭ টাকা। অর্থাৎ বাজেট বহির্ভুত ব্যয় দেখানো হয় ৪৭ লাখ ৩৮ হাজার ২ শ' ২৭ টাকা।
একইভাবে ২০০৫-'০৬ অর্থবছরের বরাদ্দ ছিল ১ কোটি টাকা। কিন্তু ব্যয় দেখানো হয় ১ কোটি ৩৪ লাখ ৭৫ হাজার ২ শ' ১০ টাকা। এখানে বাজেট বহির্ভুত ব্যয় দেখানো হয় ৩৪ লাখ ৭৫ হাজার ২ শ' ১০ টাকা।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থল সাভার থানা এলাকা হওয়ায় মামলাটি সাভার থানায় নথিভুক্ত করা হয়েছে। এটি তদন্ত করবে দুদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৫ ঘ.
bdnews24