২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে শ্রমিক পাঠানোর চিন্তা করছে সরকার

সরকার ইরাকে বাংলাদেশি শ্রমিক পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 05:42 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ইরাকে বাংলাদেশি শ্রমিক পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। রোববার জাতীয় সংসদে উপস্থাপিত মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ আওয়ামী লীগ নেতা সুকুমার রঞ্জন ঘোষের এক প্রশ্নের জবাবে তিনি জানান, নতুন শ্রমবাজার হিসেবে কোরিয়া, রুমানিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ইরাক ও সুদানে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আওয়ামী লীগের মহিলা সাংসদ তহুরা আলীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, যুদ্ধবিধ্বস্ত ইরাকে পুনর্গঠন কাজ শুরু হওয়ায় সেখানে বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করছে। সরকার টিসিবি'র মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করে রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখবে বলে এক প্রশ্নের জবাবে জানান বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বিএনপি দলীয় সাংসদ রাশেদা বেগম হীরার প্রশ্নের লিখিত জবাবে তিনি বলেন, ''আগামী রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ইতোমধ্যে সরকার টিসিবি'র মাধ্যমে মশুর ডাল, চিনি, পরিশোধিত পাম ও সয়াবিন তেল আমদানির উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে শিগগিরই কার্যাদেশ প্রদান করা হবে।'' কক্সবাজার-২ আসনের সাংসদ জামায়াত ইসলামীর নেতা এএইচএম হামিদুর রহমান আযাদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের বিশাল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সরকার ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। তিনি জানান, তৎপরতার মধ্যে আছে সাপটা'র আওতায় আরও বেশি পরিমাণ পণ্য শুল্ক রপ্তানির লক্ষ্যে প্রচেষ্টা গ্রহণ, ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান অশুল্ক প্রতিবন্ধকতা দূরীকরণ, স্থলবন্দর ও সড়ক অবকাঠামোর উন্নয়ন, ভারতের বিভিন্ন শহরে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়া ও বাণিজ্য মিশন পাঠানো এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এজে/এসকে/২৩৪৫ঘ.