রাজশাহী, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর পোরশা উপজেলায় আদিবাসী গ্রামে হামলাকারীদের শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী ছাত্রপরিষদ রোববার সকালে মানববন্ধন করেছে।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে রাবির বাংলা বিভাগের শিক্ষক ড. সুজিত সরকার, দর্শন বিভাগের শিক্ষক এসএম আবু বকর, আদিবাসী ছাত্র পরিষদ সভাপতি হরেন্দ্রনাথ সিং, সাধারণ সম্পাদক মানিক সরেন, সাংগঠনিক সম্পাদক নবদ্বীপ লাকড়া, রামজীবন মাহাতো, সৃজল তিগ্যা, বন্যা কুজুর, উপেন রবিদাস, সুনীল মাহাতো প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা আদিবাসীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ঘটনার এক সপ্তাহ পরেও প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।।
বক্তারা অবিলম্বে 'ভূমিগ্রাসী সন্ত্রাসী' নূর হোসেন ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানান।
এছাড়া ক্ষতিগ্রস্ত আদিবাসীদের ক্ষতিপূরণ প্রদান, পোরশা থানার ওসি এবং এসআইকে অবিলম্বে প্রত্যাহার, আদিবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, খাস জমি আদিবাসীসহ ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত এবং আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধন কর্মসূচিতে আদিবাসী শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বেশ কিছু শিক্ষার্থীও অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০৪৯ ঘ.
bdnews24