২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেতুর টোল নিয়ে সংঘর্ষ থেমেছে, সমঝোতায় বৈঠক হবে

বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর বর্ধিত টোল কমানোর দাবিতে আন্দোলনরত রিক্সা ও অটোরিক্সা চালকদের সঙ্গে ইজারাদার সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ সেতুর ওপর দিয়ে যান চলাচলের টোল বাড়ানোর প্রতিবাদে গত চারদিন থেকে আন্দোলন করছিল স্থানীয় অটোরিক্সা ও রিক্সার চালকরা। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 01:18 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর বর্ধিত টোল কমানোর দাবিতে আন্দোলনরত রিক্সা ও অটোরিক্সা চালকদের সঙ্গে ইজারাদার সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ সেতুর ওপর দিয়ে যান চলাচলের টোল বাড়ানোর প্রতিবাদে গত চারদিন থেকে আন্দোলন করছিল স্থানীয় অটোরিক্সা ও রিক্সার চালকরা। প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর রাত পৌনে ১১টার দিকে আন্দোলনকারী ও টোলআদায়কারীর সমর্থকরা সরে যান। তখন সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইনাম হোসেন রাত পৌনে ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দু' পক্ষের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে সোমবার সকাল ১০টা পর্যন্ত সেতুর ওপর চলাচলকারী কোনও যানবাহনেরই টোল নেওয়া হবে না। সকাল ১০টায় দু' পক্ষ আবারও পুলিশের মধ্যস্থতায় বসে সিদ্ধান্ত নেবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহম্মেদের সঙ্গে টোল কর্মচারীরা দুর্ব্যবহার করলে তার উস্কানিতে আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে সংঘর্ষ শুরু করে। সংঘর্ষে উভয়পক্ষের কাছেই আগ্নেয়াস্ত্র দেখা গেছে বলে দাবি করেছেন একাধিক প্রত্যক্ষদর্শী। এর আগে সন্ধ্যা ৭টার দিকে সেতু থেকে আমাদের মিটফোর্ড প্রতিনিধি কামাল হোসেন তালুকদার জানান, সেতুর ঢাকা প্রান্তে ইজারাদারের লোক ও কেরানীগঞ্জ প্রান্তে অন্দোলনরতরা অবস্থান করছে আর মাঝখানে রয়েছে পুলিশ। সেখানে একটি মোটরসাইকেল জ্বলতে দেখা যাচ্ছিল। বিকেল সাড়ে ৬টা থেকে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ ছিল। সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত কিছু যানবাহন চললেও দক্ষিণ পাড়ে (কেরানীগঞ্জ) আন্দোলনকারীরা আবারও অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শী পথ ব্যবসায়ী সোহেল জানান, রোববার সাড়ে ৬টার দিকে ব্রিজের টোল কর্মচারীদের সঙ্গে আন্দোলনকারী অটোরিক্সা ও রিক্সাচালকদের সংঘর্ষ বেধে যায়। এসময় আন্দোলনকারী ও টোল কর্মচারীরা পরস্পরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। রাত পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে একটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। ঘটনাস্থলে কোতয়ালী, কেরানীগঞ্জ ও দক্ষিন কেরানীগঞ্জ থানার পুলিশ ও র‌্যাব ছিল। কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহম্মেদ জানান, তিনি আন্দোলনকারীদের প্রতিনিধি হয়ে রোববার বিকেলে টোলঘরে এসে হারের তালিকা চান। এসময় টোলঘর থেকে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এসময় তার সঙ্গে থাকা আন্দোলনকারীদর সঙ্গে টোলকর্মীদের বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। চেয়ারম্যান অভিযোগ করেন ইজারাদারের লোকেরা সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র ব্যাবহার করেছে। সেতুর ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, "উপজেলা চেয়ারম্যান শাহীন তার সাঙ্গ-পাঙ্গদের নিয়ে এসে প্রতিদিন ২০টি গাড়ি বিনাটোলে যাতায়াতের অনুমতি প্রদানের দাবি করেন। এটা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে শাহীনের লোকজন তাদের ওপর হামলা করে ও ক্যাশবাক্স্রের এক লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায়।" ইজারাদার অভিযোগ করেন, চেয়ারম্যানের সমর্থকরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। রাত সাড়ে ৮টার দিকে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দীন খান বলেন, "দু' পক্ষকে নিয়ে আলোচনা করছি। পরিস্থিতি এখন স্বাভাবিক।" পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫/৬ রাউন্ড ফাকা গুলি ছোড়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। টোল নিয়ে বিরোধের কারণে ৪ দিন ধরে এ সেতু দিয়ে অটোরিক্সা চলাচল বন্ধ রয়েছে। গত সপ্তাহে দরপত্রের মাধ্যমে সেতুর টোল আদায়ের দায়িত্ব নিয়েছে নতুন ইজারাদার। এরপরই টোলের হার বাড়ানো হয়। অটোরিক্সা চালক বারেক জানান, তারা প্রতিদিন ২শ' টাকা চুক্তিতে সারাদিন কেরানীগঞ্জের চুনকুটিয়া থেকে নয়াবাজার পর্যন্ত সিএনজি চালাতো। কিন্তু গত বৃহস্পতিবার নতুন টেন্ডার হওয়ায় তাদেরকে প্রতিবার যাওয়া আসার জন্য ৩০ টাকা করে দিতে হচ্ছে। আরেক চালক সান্টু বলেন, "২০ বার যাওয়া আসা করলে আমাদেরকে ৬০০ টাকা দিতে হবে। ফলে মালিককে টাকা দেওয়ার পর তাদের আর কিছুই থাকবেনা। যেখানে আগে ২০০ টাকা দিতে হতো।" রিক্সা চালক করিম জানান, আগে তারা একবার পার হওয়ার জন্য ২ টাকা দিত। কিন্তু এখন ৫ টাকা করে আদায় করা হচ্ছে। এর আগে সেতুর ইজারাদার জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত বছর ইজারার হার ছিল ৪ কোটি টাকা আর বর্তমানে তা ৯ কোটি টাকা। সরকার যান বাহনের যে রেট ধরেছে তাই নেওয়া হচ্ছে।" উল্লেখ্য নয়াবাজার থেকে কেরানীগঞ্জের চুনকুটিয়া পর্যন্ত রুটে শতাধিক অটোরিক্সা চলে। এদিকে সংঘর্ষের কারণে যান চলাচল বন্ধ থাকায় এক সময় সেতুর ঢাকা প্রান্তে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এসকে/২৩১৪ঘ.