সাতক্ষীরা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরায় সদর উপজেলার কাটিয়া এলাকার আদালত ভবনের ছাদ ধসে রোববার সকাল আইনজীবীর দুই সহকারীসহ তিনজন আহত হয়েছেন।
ঘটনার পর বিচার কার্যক্রম বন্ধ হয়ে যায়।
আহতরা হলেন- দিলীপ কুমার ও তার ভাই লক্ষ্মণ চন্দ্র মণ্ডল এবং বিচারপ্রার্থী এক মহিলার শিশুসন্তান।
সকাল সাড়ে এগারোটার দিকে আদালত ভবনে পারিবারিক আদালতে বিচারকাজ শুরু হওয়ার কিছুক্ষণ পরে ভবনের তিনটি কক্ষের ছাদের পলেস্তারা ধসে পড়ে। এ তিনটি কক্ষে শ্যামনগর, আশাশুনি ও কলারোয়া উপজেলার মামলার বিচার কাজ হয়।
ঘটনার পরপরই বিচারকরা এজলাস ত্যাগ করেন।
পারিবারিক আদালতের পেশকার বাবলু ও সেরেস্তাদার মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৮৭২ সালে এ আদালত ভবনটি তৈরি করা হয়। এখানে নারী ও শিশু নির্যাতন দমন আদালতসহ মোট সাতটি আদালত রয়েছে। ১৪/১৫ বছর আগে সাতক্ষীরা গণপূর্ত বিভাগ ভবনটি ব্যবহারের অনুপযোগী বলে লিখিতভাবে জানালেও এখন পর্যন্ত নতুন ভবন তৈরি করা হয়নি। নতুন আদালত ভবন নির্মাণের জন্য সরকারের কাছে আবেদন করা হলেও তা কার্যকর হয়নি।
তারা বলেন, ছাদ ধসে যে কোন সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
সাতটি আদলতে সাত হাজারেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে বলেও তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৮২১ ঘ.
bdnews24