২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ানীবাজার কলেজে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে আহত ১০

সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে শনিবার দুপুরে ছাত্রলীগ ও ছাত্রশিবির নেতাকর্মীদের সংঘর্ষে উভয়পক্ষে ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2009, 03:30 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

সিলেট, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে শনিবার দুপুরে ছাত্রলীগ ও ছাত্রশিবির নেতাকর্মীদের সংঘর্ষে উভয়পক্ষে ১০ জন আহত হয়েছেন। ছাত্রলীগ কর্মীরা কলেজ ক্যাম্পাসে রাখা ৩টি মোটরসাইকেল ভাঙচুর এবং পাঁচটিতে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষের পর ক্যাম্পাস থেকে পাঁচটি রাম দা উদ্ধার করা হয়েছে। লোকমান ও জুবের নামে দুই শিবিরকর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জহির উদ্দিন। তিনি বলেন, দুপুর ২টার দিকে কলেজ ক্যাম্পাসে শিবির নেতাকর্মীরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হতে আসা এক ছাত্রকে জোর করে নিজেদের সংগঠনভুক্ত করার চেষ্টা করে। ছাত্রলীগ নেতাকর্মীরা বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি বলে এসআই জহির জানান। আহতদের মধ্যে আছেন- যুবলীগ নেতা আলমগীর হোসেন রুনু, ছাত্রলীগের আহবায়ক জামাল হোসেন, ছাত্রলীগ নেতা রেজাউল হাসান রেজা, রেজাউল করিম অপু এবং ছাত্রশিবির কর্মী হাসান আহমদ, নজরুল ইসলাম, মামুন আহমদ। রুনু, রেজা ও অপুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জন্য শিবিরকে দায়ী করে কলেজ ছাত্রলীগ নেতা আলমগীর কবির রুনু বলেন, "শিবির কর্মীরা ভর্তি হতে আসা সুমন আহমদকে জোরপূর্বক তাদের দলে অন্তর্ভূক্ত করতে চায়। আমরা এতে বাধা দিলে তারা হামলা চালায়।" বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম ঘটনার জন্য পাল্টা ছাত্রলীগ কর্মীদের দায়ী করে বলেন, "কোনো কারণ ছাড়াই তারা ছাত্রশিবির কর্মীদের উপর হামলা চালায়। ছাত্রলীগ কর্মীরা শিবির কর্মীদের সাতটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৪ ঘ.