ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) মাঝারি ধরনের সক্রিয় রয়েছে। শনিবার বিকেল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ এসএম মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
মাহমুদুল হক বলেন, "বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এর তীব্রতা বাড়বে আগামী ২৪ ঘণ্টায় এবং এসময় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।"
বৃষ্টির প্রভাবে বিরাজমান মৃদু তাপপ্রবাহ কমে যাবে বলে এ আবহাওয়াবিদ জানান। আগামী কয়েকদিনের মধ্যে মৌসুমী বায়ু সারাদেশে বিস্তৃত হবে বলেও পূর্বাভাস দেন তিনি।
শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ফরিদপুরে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
এদিকে সকালে মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হলে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলে আবহাওয়া অফিস। তবে বিকাল সাড়ে পাঁচটায় এ সংকেত নামিয়ে ফেলা হয়েছে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের এ কর্মকর্তা।
শনিবার বিকেল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের দ'ুয়েক জায়গায় অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে।
এছাড়া রাজশাহী, ঈশ্বরদী ও যশোর অঞ্চলে বিরাজমান মৃদু তাপপ্রবাহও কমে যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২১০৮ঘ.
bdnews24