ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মালিবাগে একটি তৈরী পোশাক কারখানায় শনিবার মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
সংঘর্ষের পর শ্রমিকরা এক ঘণ্টার বেশি সময় ডিআইটি সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।
সকাল ৮টার দিকে মালিবাগ রেলক্রসিং এলাকার নোমান ফ্যাশন কারখানাটির ভেতরে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের সংঘর্ষ হয় বলে পুলিশ জানায়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেশ কিছুদিন থেকে শ্রমিক ছাটাই নিয়ে কারখানাটিতে একটা অসন্তোষ চলছিল।
পুলিশ উভয়পক্ষের মধ্যে মীমাংসার চেষ্টা করছে বলে জানান তিনি।
সংঘর্ষে আহত কয়েকজন শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শ্রমিক সুমি বেগম (২০) ও রুনা বেগম (২২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকদিন আগে এক নারী শ্রমিক কারখানার সুপারভাইজার সাইফুলের নিগ্রহের শিকার হয়। এ ঘটনার বিচার চাইলে চাকরি হারায় ওই শ্রমিক।
সুমি ও রুনা বলেন, আজ (শনিবার) শ্রমিকরা ওই ঘটনার প্রতিবাদ জানালে মালিক পক্ষের সন্ত্রাসীরা হামলা চালায়।
হামলায় শহীদুল ইসলাম (২৫), লাবনী আক্তার (১৮), জিয়াসমিন বেগম (২৫), আলেয়া বেগম (২০)সহ অন্তত ১০ জন আহত হন বলে শ্রমিকরা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরএ/এমআই/১৩০০ ঘ.
bdnews24