২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যের চিত্রনাট্য নিজের নামে চালিয়ে অনুদান নেওয়ার অভিযোগ

অন্যের চিত্রনাট্য নিজের নামে চালিয়ে সরকারি অনুদান নেওয়ার অভিযোগ উঠেছে এক চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে। অভিযুক্ত জুনায়েদ আহম্মদ হালিম এ বছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত তিনটি চলচ্চিত্রের একটি 'স্বপ্ন ও দুঃস্বপ্নের কাল'র নির্মাতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2009, 06:14 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্যের চিত্রনাট্য নিজের নামে চালিয়ে সরকারি অনুদান নেওয়ার অভিযোগ উঠেছে এক চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে। অভিযুক্ত জুনায়েদ আহম্মদ হালিম এ বছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত তিনটি চলচ্চিত্রের একটি 'স্বপ্ন ও দুঃস্বপ্নের কাল'র নির্মাতা। অভিযোগকারী সরওয়ার জাহান খানের দাবি, ওই চলচ্চিত্রের কাহিনী ও চিত্রনাট্যকার তিনি। জুনায়েদ হালিম তাকে না জানিয়েই এটি নিজের নামে চালিয়ে সরকারি অনুদান নিচ্ছেন। সরওয়ার জাহান বুধবার চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, তথ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি সুরাহা না হলে মামলা করার হুমকিও দিয়েছেন তিনি। তবে জুনায়েদ হালিম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "সরওয়ার জাহানের সঙ্গে আলোচনা করেই সরকারি অনুদানের আবেদন করা হয়। আর চিত্রনাট্যটি যৌথনামে হচ্ছে, তাও সরওয়ার জাহানের জানা।" সরওয়ার জাহানের লিখিত অভিযোগে বলা হয়, "মুক্তিযুদ্ধের সময়ে একটি পরিবারের গল্প নিয়ে 'স্বপ্ন ও দুঃস্বপ্নের কাল' এর কাহিনী। এর গল্প আমার। "১৯৯৯ সালে বাংলাদেশ শিশু একাডেমির আহ্বানে এ গল্প নিয়ে একটি চিত্রনাট্য রচনা করি। পরে জুনায়েদ হালিম প্রযোজক জোগাড়ের কথা বলে চিত্রনাট্যটি আমার কাছ থেকে নেন।" সরওয়ার জাহানের অভিযোগ, ২০০১ সালের অনুদানের জন্য আবেদনের সময় নির্মাতা এবং চিত্রনাট্যকার দুটিতেই সরওয়ার জাহান নিজের নাম দেন। ওই সময় পেশাগত কারণে আমি ঢাকার বাইরে থাকায় এ বিষয়টি পরে জানতে পারি। গত ২৮ মে এ অনুদান ঘোষণা করে তথ্য মন্ত্রণালয়। তিনি বলেন, "এখন জুনায়েদ হালিম দাবি করছেন, চিত্রনাট্যটি তিনি আমার সঙ্গে যৌথভাবে তৈরি করেছেন। যা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা।" সরওয়ার জাহান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি সুরাহা না হলে আমি আইনের আশ্রয় নেব।" বিষয়টি নিয়ে শুক্রবার জুনায়েদ হালিমের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরওয়ার জাহানের সাথে কথাবার্তা বলেই অনুদানের আবেদন করা হয়েছিল। তাকে জানিয়েই যৌথনামে চিত্রনাট্যটি করা হয়েছে। অনুদান পাওয়ার আগে এই বিষয়ে তিনি কোনও অভিযোগ করেননি। অনুদান পাওয়ার পর এখন তিনি এই অমূলক দাবি তুললেন।" জুনায়েদ হালিম একইসঙ্গে জানান, বিষয়টি সুরাহা করতে রোববার পরিচালক সমিতি কার্যালয়ে সমিতির নেতারাসহ তিনি এবং সরওয়ার জাহান আলোচনায় বসবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১২২২ ঘ.