২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্রের উৎসের সন্ধানে সিআইডি

১০ ট্রাক অস্ত্র মামলা তদন্তের জটিল সময় পেরিয়ে গেছে বলে মনে করছে তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এখন অস্ত্রের উৎস সম্পর্কে সুস্পষ্ট তথ্য জানার চেষ্টা করছে তারা। জানাচ্ছেন রুহুল আমিন রানা ও মিন্টু চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2009, 05:40 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

রুহুল আমিন রানা ও মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলা তদন্তের জটিল সময় পেরিয়ে গেছে বলে মনে করছে তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এখন অস্ত্রের উৎস সম্পর্কে সুস্পষ্ট তথ্য জানার চেষ্টা করছে তারা। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার তদন্তের জটিল পর্যায় পার হয়ে এসেছি। তদন্তেও অনেক অগ্রগতি হয়েছে। তবে শেষ পর্যায়ে পৌঁছাতে আরও কিছ্টুা সময় লাগবে।" তিনি বলেন, "দেশের জলসীমায় অস্ত্র প্রবেশের পর থেকে খালাসের আগে ও পরের দীর্ঘ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের অধিকাংশকেই চিহ্নিত ও গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এর উৎস সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এখন তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।" সিআইডি কর্মকর্তারা বলছেন, অস্ত্র চালানের সঙ্গে জড়িত দেশের ব্যক্তিদেও বিষয়ে এরই মধ্যে সুস্পষ্ট একটা ধারণা পাওয়া গেছে। তবে বিদেশে কারা জড়িত ছিল, তা এখন স্পষ্ট হওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিআইডি কর্মকর্তা বলেন, তদন্তের প্রয়োজনে নতুন করে কাউকে গ্রেপ্তার কিংবা জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। গত সপ্তাহে দুটি শিপিং কোম্পানির চট্টগ্রাম কার্যালয়ে গিয়ে তদন্তকারী দল বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান। তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও অস্ত্র বহনকারী জাহাজ সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে। তদন্তের অগ্রগতি প্রসঙ্গে সিআইডির চট্টগ্রাম অঞ্চলের বিশেষ সুপার মোহাম্মদ মুসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্ত কাজ প্রায় গুছিয়ে আনা হয়েছে।" অস্ত্রের উৎস, গন্তব্যস্থল, কার নির্দেশে এবং কারা অস্ত্র চোরাচালান ও খালাসের সঙ্গে জড়িত ছিলেন, এই বিষয়গুলোকে সামনে রেখে এ বছরের জানুয়ারির শেষ দিক থেকে তৃতীয় দফায় তদন্ত শুরু করে সিআইডি। আগের দু'দফায় শুধুমাত্র অস্ত্র খালাসের সঙ্গে জড়িতদের মধ্যে তদন্ত সীমিত ছিল। তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিইউএফএল-এর সাবেক কর্মকর্তারা সিআইডি'র জিজ্ঞাসাবাদ ও আদালতে জবানবন্দিতে অনেক তথ্য দিয়েছেন। এখন এই তথ্য পর্যালোচনা করা হচ্ছে বলে তিনি জানান। তদন্ত কর্মকর্তা বলেন, কাগজপত্র পর্যালোচনা শেষে প্রথমে জামিনপ্রাপ্ত সাত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষেও নির্দেশ অনুযায়ী পরবর্তী কৌশল নির্ধারণ করা হবে। নতুন তদন্ত কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল)-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসিন তালুকদার ও সাবেক ব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক, এনএসআই'র দুই সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধূরী, সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাব উদ্দিন, সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন ও বর্তমান মাঠ কর্মকর্তা আকবর হোসেন খানকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সাহাব উদ্দিন দুই দফায় এবং মোহসিন তালুকদার, আকবর হোসেন খান ও আবদুর রহিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে গ্রেপ্তার দুই ঠিকাদার হাফিজ উদ্দিন ও দ্বীন মোহাম্মদ জবানবন্দি দেন। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সিআইডি'র এক কর্মকর্তা বলেন, সাহাব উদ্দিনের দু'দফা জবানবন্দিকে তদন্তের মূল দিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রথম দফায় নিজেকে বাঁচিয়ে দায়সারাভাবে জবানবন্দি দিয়েছিলেন এনএসআই'র সাবেক এই পরিচালক। তবে দ্বিতীয় দফায় তিনি অস্ত্র খালাস ও চোরাচালানের বিভিন্ন তথ্য প্রকাশ করেন। সাহাবউদ্দিন গত ১৩ জুন ১০ ঘণ্টা ধরে আদালতে জবানবন্দি দেন। সিইউএফএল ঘাটে ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে ট্রলার থেকে খালাসের সময় পুলিশ ১০ ট্রাক অস্ত্র আটক করে। সেদিন রাতেই কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদুর রহমান বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। একটি অস্ত্র আইনে এবং অপরটি চোরাচালান আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/টিআর/এমআই/১১৩৫ ঘ.