রাজশাহী, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীতে শুক্রবার শুরু হয়েছে আম, সিল্ক ও গম্ভীরা উৎসব। তিনদিনের এ উৎসব চলবে রোববার পর্যন্ত।
সকালে নগর ভবনের গ্রিন প্লাজায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসব উদ্ধোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী চেম্বার অব কমার্র্সের সভাপতি আবু বাক্কারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বাধনী অনুষ্ঠানে মেয়র লিটন বলেন, "রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও ভারতের মালদহ এলাকার আম সারা বিশ্বেই পরিচিতি। এ অঞ্চলের আম খুবই মিষ্টি। আশার কথা হচ্ছে- রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের পাশাপাশি নওগাঁসহ অন্যান্য জেলায় আম চাষ বেড়েছে।"
তিনি বলেন, "রাজশাহীর ঐতিহ্য ধরে রাখতে আগামী শীত মৌসুমে আরেকটি উৎসবের আয়োজন করা হবে। যার মাধ্যমে বর্তমান ও আগামী প্রজন্ম রাজশাহী অঞ্চলকে নতুনভাবে জানতে পারবে।"
'আমরা রাজশাহী বাসী'র উদ্যোগ ও মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক'র সহায়তায় আয়োজিত এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন 'আমরা রাজশাহী বাসী'র সভাপতি মেরাজউল আলম।
প্রধান আলোচক ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুদ্দিন চৌধুরী।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ আম গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম, বগুড়ার বাংলালিংক কর্মকর্তা মিজান মারুফ বক্তব্য রাখেন।
প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৫ ঘ.
bdnews24