রাজশাহী, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেএমবি সন্দেহে রাজশাহী শহরের টিকাপাড়া এলাকার একটি বাড়ি থেকে শুক্রবার ভোরে মহিলা ও শিশুসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ। তবে জেএমবির সঙ্গে তাদের জড়িত থাকার প্রমাণ না মেলায় বিকেলে তাদের ছেড়ে দেওয়া হয়।
আটককৃতরা দাবি করেছেন, তারা কালেমা জমায়েতের সদস্য এবং ভোলার চরফ্যাশনের অধ্যাপক আব্দুল মজিদ তাদের প্রধান নেতা। জেএমবির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
রাজশাহী মহানগরের সহকারী পুলিশ কমিশনার (সদর) মাহফুজুর রহমান জানান, জেএমবির সঙ্গে এদের কোনো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। বিকেল সাড়ে ৫টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
তবে পরবর্তীতে তাদের বিরুদ্ধে জেএমবি বা জঙ্গি তৎপরতার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
যাদের আটক করা হয়েছিল তারা হলেন- রাজশাহী মহানগরীর টিকাপাড়ার এলাকার কাওসার আহম্মেদ (২৯), মনিরুজ্জামান (৪২), সোহেল রানা (২৯), কিশোরগঞ্জ জেলার সারোয়ার হোসেন (৩৪), নীলফামারীর সৈয়দপুরের জসিম বাজারের ইকবাল হোসেন (৩০) ও তার স্ত্রী জান্নাতুল জাকিয়া ওসামা (২২) এবং তাদের দেড় বছরের ছেলে নওয়াজ, ইকবালের শ্যালিকা মর্জিনা খাতুন (১৪), ময়মনসিংহের মুক্তাগাছার জয়নব খাতুন (১৫), সৈয়দপুর কাজিহাট এলাকার আবুল কালাম (২৬) ও তার স্ত্রী খাদিজা আক্তার পারভিন (২১), সৈয়দপুর নয়াচৌল এলাকার আজাহার মহিউদ্দিন (১৯), দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দরগাবাড়ি গ্রামের আসাদুজ্জামান (৩৮), হাকিমপুর উপজেলার ইউসুফ আলী (১০), বগুড়ার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যামপুর এলাকার গোলাম রাব্বানী (২৫), ভোলার চরফ্যাশনের সালমান হোসেন (১৩), চাঁদপুরের আউনঘাট এলাকার শাহ আলম (২১), রংপুরের কোতোয়ালি থানার আলমনগরের জহুরুল ইসলাম (২২)।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, চার মাস ধরে তারা ওই এলাকায় বাস করছেন। স্থানীয় লোকজনের তাদের ঘোরাফেরা সন্দেহজনক মনে হলে তারা পুলিশে খবর দেয়।
বোয়ালিয়া মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ছয়টার দিকে নগরীর টিকাপাড়ার কাওসার আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন সেট এবং ১২ হাজার ১০৬ টাকা উদ্ধার করা হয়।
বিডিনিউজ টেেিয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮০২ ঘ.
bdnews24