২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরিদ্র অন্ধদের পাশে ফোয়া

১০০ দরিদ্র অন্ধের চিকিৎসা করতে তহবিল সংগ্রহে এগিয়ে এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্ত্রীরা। তাদের সংগঠন ফরেন অফিস ওয়াইভস অ্যাসোসিয়েশন (ফোয়া) এর মাধ্যমে এ তহবিল সংগ্রহের কাজ চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2009, 10:42 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০০ দরিদ্র অন্ধের চিকিৎসা করতে তহবিল সংগ্রহে এগিয়ে এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্ত্রীরা। তাদের সংগঠন ফরেন অফিস ওয়াইভস অ্যাসোসিয়েশন (ফোয়া) এর মাধ্যমে এ তহবিল সংগ্রহের কাজ চলছে। ফোয়ার সাধারণ সম্পাদক সাদিয়া আজম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামীকাল (শনিবার) আমরা ১০০ অন্ধ রোগীর চিকিৎসার জন্য ইসলামিয়া হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি চেক তুলে দিতে যাচ্ছি।" শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একথা বলেন তিনি। মানব কল্যাণে তহবিল সংগ্রহের লক্ষ্যে সেখানে দু'দিনের এক মেলার আয়োজন করেছে ফোয়া। মেলার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। মেলায় ৩০টি স্টল দেওয়া হয়েছে। দীপু মনি বলেন, "পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্ত্রীদের এ কাজ প্রশংসার দাবিদার। গত বছর তারা আহছানিয়া মিশনকে ২০ লাখ টাকা দিয়েছিল ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য।" ফোয়ার সাবেক প্রধান পৃষ্ঠপোষক দীপু মনি আরও জানান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও এ সংগঠন দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইসলামিয়া চক্ষু হাসপাতালে ১০০ অন্ধ রোগীর চিকিৎসা করাতে ফোয়ার ২ লাখ টাকা প্রয়োজন।" পররাষ্ট্র সচিবের স্ত্রী এ সংগঠনের সাবেক সভাপতি। ফোয়ার সহকারী যুগ্ম সম্পাদক দিলমৎ মাসুদ বলেন, "গত তিন বছর ধরে আমরা ডিনারে কোনও অতিথিকে আমন্ত্রণ করছি না, যাতে টাকা বাঁচিয়ে আমরা কল্যাণমূলক কাজে তা ব্যয় করতে পারি।" সাধারণ সম্পাদক সাদিয়া আজম বলেন, "আমরা দরিদ্র মানুষের শিক্ষার ব্যবস্থাও করি।" তিনি জানান, প্রতিবছর তারা অন্তত তহবিলে ১০০ ইউএস ডলার জমা দেওয়ার চেষ্টা করেন। শুক্রবার ফোয়ার নির্বাহী কমিটিও ঘোষণা করা হয়। কমিটিতে জাহান আরা সিদ্দিকী সভাপতি, সাদিয়া আজম সাধারণ সম্পাদক এবং রওশন আরা ওয়াহিদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেধারনি/এএম/এমআই/১৬৪৯ ঘ.