খুলনা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা বাজারে ডাকাতের গুলিতে বুধবার রাতে জাহাঙ্গীর ফকির (২৪) নামে এক চা বিক্রেতা মারা গেছেন।
ডাকাতদের গুলিতে আহত জাহাঙ্গীরকে প্রথমে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ কামরুজ্জামান জানান, বুধবার রাত ১টার দিকে ফুলতলা বাজারের চা বিক্রেতা জাহাঙ্গীর ফকির দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ৫/৬ জনের একদল ডাকাত বাজারে প্রবেশ করে। নৈশ প্রহরীরা চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জাহাঙ্গীর এক ডাকাতকে জাপটে ধরলে ওই ডাকাত তার বুকে গুলি করে।
জাহাঙ্গীরের ভাই আলমগীর ফকির বাদী হয়ে অজ্ঞাতনামা ৬/৭ জনকে আসামি করে ফুলতলা থানায় মামলা করেছেন বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৪ ঘ.
bdnews24