ঢাকা, ১৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানিয়েছেন, ১৯৭৫ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের যে কক্ষে জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়েছিলো সে কক্ষটিকে একটি স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে।
সংরক্ষিত নারী আসনের সাংসদ অপু উকিলের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান।
সাংসদ নসিমুল আলম চৌধুরীর আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, অপরাধ দমন, ট্রাফিক ও জনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকার ৫৯টি পয়েন্টে ১৫৫টি সিসিটিভি ক্যামেরা বসানো হবে।
ইতোমধ্যে ১১৩টি ক্যামেরা বসানোর কাজ সম্পন্ন হয়েছে। জুনের মধ্যে বাকি ক্যামেরা বসানোর কাজ শেষ হবে।
সাংসদ নূর ই হাসান লিলির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, আগামী ৩ বছরের মধ্যে পুলিশ বাহিনীর বিভিন্ন স্তরে ৩০ হাজার কর্মকর্তা ও সদস্য নিয়োগ দেওয়া হবে। এছাড়া বর্তমানে শুন্য ২৪৩৪ টি পদও পূরণ করা হবে।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এসকে/২৩১৩ঘ.
bdnews24