২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ যুদ্ধাপরাধী দিয়ে শুরু হবে বিচার কাজ : আইন প্রতিমন্ত্রী

সরকারের তৈরি করা প্রাথমিক তালিকার ২৫ জনের বিচার দিয়েই শুরু হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের কাজ। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বুধবার বেসরকারি টিভি চ্যানেল আই-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 03:15 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের তৈরি করা প্রাথমিক তালিকার ২৫ জনের বিচার দিয়েই শুরু হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের কাজ। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বুধবার বেসরকারি টিভি চ্যানেল আই-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান। তিনি আরও জানান, ওই তালিকায় যাদের নাম রয়েছে, তারা যাতে দেশের বাইরে পালিয়ে যেতে না পারে সে জন্য সরকার সজাগ রয়েছে। ২৫ জনের তালিকায় কাদের নাম রয়েছে- জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী বলেন, "জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযম, বর্তমান আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ, জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীসহ অনেকের নামই এতে রয়েছে। এদের নাম এখন আর বাংলাদেশে কারও অজানা নয়।" কামরুল ইসলাম জানান, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সরকার প্রস্তাবিত বাজেটে ১০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। কারণ অভিযুক্তদের ব্যাপারে তথ্য সংগ্রহ, মামলা অনুসন্ধান এবং অন্য আইনি প্রক্রিয়ার জন্য টাকার প্রয়োজন হবে। প্রস্তাবিত বাজেট অনুমোদন হলেই যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করবে সরকার। প্রতিমন্ত্রী জানান, যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনাল গঠন, তদন্ত কমিশন ও তদন্তকারী কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী এক মাসের মধ্যেই তা ঘোষণা করা হবে। এদিকে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানান, যুদ্ধাপরাধীদের তালিকা পরে প্রকাশ করা হবে। চিহ্নিত যুদ্ধাপরাধীদের তালিকা করে তাদের দেশত্যাগের ওপর কোনও নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে কি না- সচিবালয়ে সাংবাদিকদের এ প্রশ্নে তিনি বলেন, "যখন বিচার শুরু হবে তখনই সব দেখবেন। তালিকা এখন প্রকাশ করব না। পরে করব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচসি/এমআই/এসকে/২১১৯ঘ.