বরিশাল, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বহিরাগতের হামলায় মঙ্গলবার এক ছাত্র আহত হওয়ার প্রতিবাদে বিএম কলেজের বিক্ষুব্ধ ছাত্ররা বুধবার দুপুরে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
বিক্ষোভকারীরা সম্মান দ্বিতীয় বর্ষের চলমান টেস্ট পরীক্ষাও বন্ধ করে দেয়। ১৮টি বিভাগের টেস্ট পরীক্ষা বাতিল করা হয়েছে বলে কলেজের অধ্যক্ষ জানান।
এই অবরোধ ও বিক্ষোভ চলে প্রায় ১৫ মিনিট ধরে। এতে কয়েক শ' গাড়ি আটকা পড়ে।
পরে কলেজ ও পুলিশ প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।
অধ্যক্ষ ড. ননী গোপাল দাস বলেন, বহিরাগতদের হামলাসহ পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
সম্মান ২য় বর্ষের ১৮টি বিভাগের টেস্ট পরীক্ষা বাতিল করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, পরে পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হবে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বহিরাগতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কলেজ কর্তৃপক্ষ বিষয়টি লিখিতভাবে জানানোয় পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে বলে তিনি জানান।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিএম কলেজের সামনে বহিরাগত এক যুবক ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। এ সময় অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তানভীর হোসেন উত্ত্যক্তকারীকে ক্যাম্পাস থেকে বেরিয়ে যেতে বলে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে বহিরাগত যুবকটি ধারালো ছুরি দিয়ে তানভীরকে আঘাত করে পালিয়ে যায়।
বহিরাগত যুবকটি এলাকায় জসিম নামে পরিচিত বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরিশাল প্রতিনিধি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/টিআর/ডিডি/১৯২৫ ঘ.
bdnews24