ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার আবাসন প্রতিষ্ঠানগুলোকে জমির যোগান দিলে ফ্ল্যাটের দাম অনেক কম হবে বলে মনে করছেন আবাসন প্রতিষ্ঠান শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ।
জমির দাম বেড়ে যাওয়ায় ফ্ল্যাটের দাম বেড়ে যাচ্ছে জানিয়েছেন তিনি।
বুধবার রাজধানীর পান্থপথে শেলটেক টাওয়ারে বাজেট পরবর্তী কার্যক্রম ও ভাবনা নিয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করে শেলটেক।
তৌফিক সিরাজ বলেন, "বর্তমানে ফ্ল্যাটের দাম বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে জমির চড়া দাম। সরকার যদি তাদের নির্ধারিত মূল্যে ডেভেলপারদের জমির যোগান দেয় তবে ফ্ল্যাটের দাম অবশ্যই কমবে।"
বিশ্বমন্দার ধাক্কা মোকাবেলায় সরকারি সাহায্য চেয়ে তৌফিক সেরাজ বলেন, "ফ্ল্যাট ক্রেতাদের একটি বড় অংশ প্রবাসী বাংলাদেশী। মন্দার কারণে এই ক্রেতারা এখন দূরে সরে যাচ্ছে।"
রিয়েল এস্টেট খাতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ায় ফ্ল্যাটের দাম বাড়বে না বরং রিয়েল এস্টেট ব্যবসা আরও গতিশীল হবে বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার থেকে ছয়দিন ব্যাপী শেলটেক 'বাজেটারি বিনিয়োগ মেলা'র ঘোষণা দেওয়া হয়। ৫৫ পশ্চিম পান্থপথের শেলটেক টাওয়ারে ১৮ থেকে ২৩ জুন পর্যন্ত এ মেলা চলবে। মেলায় ফ্ল্যাট ক্রয়ে বিভিন্ন ধরনের ছাড় ও সুবিধা থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরএ/এমআই/১৯১৫ ঘ.
bdnews24