বান্দরবান, ১৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবান-রোয়াংছড়ি সড়কের লুলাইন পুনর্বাসন পাড়ায় বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক আদিবাসী মারা গেছেন।
তার নাম পুখ্য কারবারী (৫৬)। তিনি লুলাইন পাড়ার বাসিন্দা।
সদর থানার উপ-পরিদর্শক মোকাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোয়াংছড়ি থেকে বান্দরবান আসার সময় একটি জিপ (চাঁদের গাড়ি) লুলাইন পুনর্বাসন পাড়ার আঁকাবাঁকা সড়ক অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে জিপটি সামনের দিকে না এগিয়ে পিছলে পেছনের দিকে চলে যায়।
এতে গাড়ি দুর্ঘটনায় পড়েছে বলে মনে করে পুখ্য কারবারী গাড়ি থেকে লাফ দেন এবং জিপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/টিআর/ডিডি/১৯২১ ঘ.
bdnews24