ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে লোক পাঠানোর ক্ষেত্রে দালালদের তৎপরতা বন্ধে আইনি উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টান্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)।
বুধবার এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।
সংগঠনের সভাপতি গোলাম মুস্তাফা বলেন, "আমরা আগেও সরকারকে বলেছি, সাব-এজেন্টদের (দালাল) পরিচয়পত্র দিন, প্রয়োজনে তাদের কাছ থেকে জামানত হিসেবে টাকা রাখার পদ্ধতি চালু করুন।"
সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা দালালরা বিদেশ গমনেচ্ছু কর্মী জোগার করে থাকে। এদের খপ্পড়ে পড়ে গরিব শ্রমিকদের সর্বশান্ত হওয়ার ঘটনা ঘটছে অহরহ।
অভিযোগ রয়েছে, দালালরা বিদেশ গমনেচ্ছুদের কাছ থেকে নির্ধারিত অংকের চেয়ে বেশি অর্থ আদায় করে রিক্রুটিং এজেন্টদের তা থেকে ভাগ দেয়।
গোলাম মুস্তাফা বলেন, "আমরা কাগজে বিজ্ঞাপন দিই, কিন্তু কর্মী পাই না। কর্মীরাই দালালদের পছন্দ করে। দালালদের পরিচয়পত্র বা নিবন্ধন দেওয়ার কাজ সরকারের।"
তৃণমূল থেকে শ্রমিক সংগ্রহে সংস্থাটি ঢাকার বাইরে অফিস স্থাপন করছে না কেন- জানতে চাওয়া হলে তিনি বলেন, "ঢাকার বাইরে অফিস খোলার জন্য আমরা রিক্রুটিং এজেন্সিগুলোকে বলেছি।"
ইরাকে বাংলাদেশী শ্রমবাজার সৃষ্টিতে সেখানে দ্রুত দূতাবাস খোলারও দাবি জানান বায়রা সভাপতি।
তিনি বলেন, "ইরাকের অবস্থা শান্ত হয়ে এসেছে। সেখানে প্রচুর বিদেশি শ্রমিক লাগবে। এ শ্রম বাজার ধরার জন্য সেখানে দ্রুত বাংলাদেশের দূতাবাস খোলার জন্য সরকারের কাছে অনুরোধ করেছি।"
তবে প্রস্তাবিত বাজেটে জনশক্তি রপ্তানিকারকদের আয়ের ওপর ৩০ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাবে হতাশা প্রকাশ করে গোলাম মুস্তাফা বলেন, "আমরা এমনিতেই অগ্রিম আয়কর দিয়ে থাকি। এর ওপর আবার ভ্যাট কেন? এই ভ্যাটের প্রস্তাব কার্যকর হলে অভিবাসন ব্যয় বেড়ে যাবে।"
প্রবাসী কল্যাণ ব্যাংককে বাণিজ্যিক ব্যাংকের পরিবর্তে বিশেষায়িত ব্যাংক করার বিরোধিতা করে ব্যাংকটিতে বায়রার অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান বায়রা সভাপতি।
এছাড়া বিশ্ব অর্থনৈতিক মন্দায় জনশক্তি রপ্তানির হার কমছে বলে জানিয়ে গোলাম মুস্তাফা বলেন, "২০০৮ সালের ১ জানুয়ারি থেকে ৩০ মে পর্যন্ত জনশক্তি রপ্তানি হয়েছিল ৩ লাখ ৭৮ হাজার ৯৯৪ জন। ২০০৯ সালের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ৩৩২ জনে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এমআই/১৬২১ ঘ.
bdnews24