২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগবাজার লেভেল ক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে আহত ১

রাজধানীর মগবাজার লেভেল ক্রসিংয়ে বুধবার বিকেলে ট্রেনের ধাক্কায় চারটি যানবাহন চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এতে অন্তত একজন গুরুতর আহত হয়েছে। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি বলে পুলিশ ও রেল পুলিশ জানিয়েছে। (আরো তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 11:43 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মগবাজার লেভেল ক্রসিংয়ে বুধবার বিকেলে ট্রেনের ধাক্কায় চারটি যানবাহন চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এতে অন্তত একজন গুরুতর আহত হয়েছে। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি বলে পুলিশ ও রেল পুলিশ জানিয়েছে। আহত সাহিদা আক্তারকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। (আরো তথ্যসহ-৪) এদিকে এ দুর্ঘটনার পর ৪০ মিনিট মগবাজার-সাতরাস্তা সড়কটি বন্ধ থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। রেল পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক সৈয়দ বাবলু মিয়া জানান, বিকেল ৪টা ৫০ মিনিটে কমলাপুর থেকে জামালপুরের তারাকান্দির উদ্দেশে ছেড়ে যাওয়া 'যমুনা' এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে লেভেল ক্রসিংয়ে একটি বাসের ধাক্কা লাগে। তবে এ ঘটনায় কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। বিকেলে আজমেরি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো জ ১১-২৬০৮) মগবাজার লেভেল ক্রসিংয়ে যানজটে আটকে যায়। দুর্ঘটনার আগেই যাত্রীরা নিরাপদে বাস থেকে নেমে যান। কিন্তু ট্রেনের ধাক্কায় বাসটি রাস্তার ওপারে কয়েকটি প্রাইভেট কারের ওপরে গিয়ে পড়ে। এতে প্রাইভেট কারের একজন আরোহী নিহত হন বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত একটি প্রাইভেট কারের চালক। তবে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবলি নোমান জানান, এ ঘটনায় কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি গাড়ির চালক মো. জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা গাড়ি নিয়ে মগবাজার থেকে সাতরাস্তার দিকে যাচ্ছিলাম। উল্টো দিক থেকে একটি বাস আসছিল। কিন্তু যানজটের কারণে বাসটি লেভেল ক্রসিংয়ে আটকা পড়ে । এ সময় একটি ট্রেন এসে বাসটিকে আঘাত করে। বাস এসে আমাদের প্রাইভেট কারটিকে (চট্ট মেট্রো গ- ১১-১০১৯) আঘাত করে। এর আগেই আমি এবং পেছনে বসে থাকা আরেক আরোহী মাসুদ সাহেব বেরিয়ে আসতে পারলেও ম্যাডাম (কল্পনা মোল্লা) প্রাইভেট কার থেকে বেরিয়ে আসতে পারেননি।" কল্পনা মোল্লা (৪২) নিহত হয়েছেন বলে গাড়িচালক জনি জানান। স্থানীয় লোকজন জানান, তারা আহত বেশ কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যেতে দেখেছেন। ওয়ার্কশপ শ্রমিক শহীদুল জানান, ব্যারিকেড পড়তে পড়তেই বাসটি লাইনের ওপর উঠে পড়ে। এসময় ট্রেন আসতে দেখে বাস যাত্রীরা চিৎকার শুরু করেন। আশপাশের লোকজনও চিৎকার করে ট্রেনটি থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। বাস যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে থাকেন। স্থানীয়রা অনেককে টেনে বাস থেকে নামান। পর মুহূর্তেই ট্রেনটি বাসের মাঝ বরাবর আঘাত করে। বাসটি রাস্তার ওপারের ব্যারিকেড ভেঙে কয়েকটি প্রাইভেট কারের ওপর গিয়ে আছড়ে পড়ে। এতে প্রাইভেট কারের কয়েকজন যাত্রী আহত হন। বাসযাত্রী জসীম জানান, বাসটি যখন লেভেল ক্রসিংয়ের ওপর ওঠে তখন সেখানে ব্যারিকেড ছিল না। দুর্ঘটনার পর ৫টা ১০ মিনিট থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত রাস্তা বন্ধ থাকে। পরে পুলিশ ও র‌্যাবের সহায়তায় রাস্তাটি খুলে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২১৪০ ঘ.