ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দায়ের করা মামলায় দৃক-এর প্রতিষ্ঠাতা, আলোকচিত্রী শহীদুল আলম জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার কুড়িগ্রামের বিচার বিভাগীয় হাকিমের আদালতে তার জামিনের আদেশ হয় বলে জানিয়েছেন দৃক নিউজের সম্পাদক আজিজুর রহিম পিউ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুরে শহীদুল আলমের জামিনের আদেশ হয়।"
মঙ্গলবার বিকালে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে শহীদুল আলমকে আটক করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী - বিএসএফ। প্রায় ছয় ঘণ্টা আটক রাখার পর রাত সোয়া ১১টার দিকে শহীদুলকে বাংলাদেশ রাইফেলস এর কাছে হস্তান্তর করা হয়।
বিডিআর রাত সাড়ে ৩টার দিকে শহীদুলকে রৌমারী থানায় সোপর্দ করে। ওই সময় বিডিআর কর্মকর্তা রৌমারীর কোম্পানি কমান্ডার সুবেদার মো. দাউদ আলী অনুমতি ছাড়া ভারতে অনুপ্রবেশের অভিযোগে থানায় একটি মামলা করেন।
ওই মামলায় তাকে বুধবার সকালে কুড়িগ্রামের আদালতে হাজির করে পুলিশ।
হাকিম আবদুল মতিন দুই জনের জিম্মায় শহীদুলকে জামিন দিয়েছেন। এরা হলেন, অ্যাডভোকেট ফখরুল ইসলাম ও কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি মমিনুল ইসলাম।
আদালত আগামী ৫ জুলাই এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।
দৃকনিউজের প্রধান সম্পাদক শহীদুল আলম 'ন্যাশনাল জিওগ্রাফিক' এর হয়ে ব্রহ্মপুত্র নদের ওপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ করতে রৌমারী যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/আরবি/এমআই/১৫২২ ঘ.
bdnews24