২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় এলজিইডি'র দরপত্রে অনিয়মের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ১২ কোটি টাকার কাজের দরপত্রে অনিয়মের অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 05:56 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ১২ কোটি টাকার কাজের দরপত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। এক দল ঠিকাদার দাবি করেছেন, আওয়ামী লীগ নেতা-কর্মীরা সমঝোতার ভিত্তিতে কাজ ভাগাভাগি করে নিয়েছেন। এতে সরকার প্রায় পৌনে দুই কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বৃহস্পতিবার দরপত্র জমা দেওয়ার দিন এলজিইডি'র নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দরপত্র বাক্সের সামনে আওয়ামী লীগের একদল কর্মী পাহারায় ছিল। গেটে ছিল ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। তাদের ভয়ে অনেক ঠিকাদার দর প্রস্তাব জমা দিতে পারেনি। এলজিইডি কার্যালয়ে ৫/৬ জন পুলিশ থাকলেও তারা নিশ্চুপ বসে ছিল বলে ওই ঠিকাদারদের অভিযোগ। এর আগে বুধবার রাতে শহরের একটি রেস্ট হাউজে বৈঠকে কাজ ভাগাভাগি হয় বলে ওই ঠিকাদাররা দাবি করেছেন। ঠিকাদারদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈঠকে তাদের ডাকা হলেও আওয়ামী লীগের নেতা-কর্মীরাই নিজেদের মধ্যে কাজ ভাগাভাগি করে নেন। ঠিকাদার সিরাজুল ইসলাম সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আওয়ামী লীগ নেতা-কর্মীদের ভয়ে কেউ মুখ খুলছে না। তবে ধৈর্যের সীমা অতিক্রম করলে সাধারণ ঠিকাদাররা আন্দোলন শুরু করবে।" সমঝোতার মাধ্যমে দরপত্র জমা হওয়ায় সরকারের প্রায় পৌনে দুই কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। বিএনপি নেতা সিরাজ কর্তৃপক্ষের কাছে এ কাজের ওয়ার্ক অর্ডার না দেওয়ার দাবিও জানান। সমঝোতা বৈঠকের কথা স্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মহিউদ্দিন খোকন। তবে তার দাবি দর প্রস্তাব দাখিলের ক্ষেত্রে বিশৃঙ্খলা এড়াতে ওই বৈঠক করা হয়। খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশৃঙ্খলা এড়ানোর জন্য আমরা একটি সমঝোতায় বসেছিলাম। এটা অনিয়ম নয়।" তবে কোনও ধরনের সমঝোতার মধ্য দিয়ে দরপত্র জমা হওয়ার অভিযোগ নাকচ করেছেন ব্রাহ্মণবাড়িয়া এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মো. মোস্তফা কামাল। তিনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১২ কোটি টাকার এ টেন্ডারে (দরপত্র) অংশগ্রহণ করতে হলে যে টার্মস অ্যান্ড কন্ডিশন (শর্ত) প্রয়োজন তা সবার পক্ষে পূরণ করা সম্ভব নয়। তাই অনেকে দরপত্র ফরম কিনলেও টেন্ডারে অংশ নিতে পারেনি।" নির্বাহী প্রকৌশলী জানান, দর প্রস্তাবগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। পরে সিদ্ধান্ত জানানো হবে। তিনি জানান, গত ১০ জুন দরপত্র বিক্রির শেষ দিন পর্যন্ত ৪টি গ্র"পের মোট ৪৮টি দরপত্র ফরম বিক্রি হলেও জমা পড়েছে ১৩টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১১৫৫ ঘ.