ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করতে স্পিকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) চিঠি বুধবার সংসদ সচিবালয়ে পাঠানো হবে।
মঙ্গলবার বিকেলে ইসি সচিব মুহম্মদ হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিঠি পাঠানোর সিদ্ধান্তচূড়ান্ত হলেও তা আজ পাঠানো সম্ভব হয়নি। আগামীকাল (বুধবার) পাঠানো হবে।"
এর আগে দুপুরে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, "হলফনামা করে অসত্য তথ্য দেওয়ায় এই সাংসদের সদস্যপদ বাতিলের বিষয়ে আমরা মতামত দিয়েছি। স্পিকার সংসদের আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।"
তিনি বলেন, "এ ক্ষেত্রে দ্য মেম্বার অব পার্লামেন্ট (ডিটারমিনেশন অব ডিসপ্যুট) অ্যাক্ট-১৯৮০ অনুসরণ করা হতে পারে।"
এ নিয়ে স্পিকারের পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ইসির কোনও করণীয় থাকলে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সাখাওয়াত।
হলফনামায় 'অসত্য' তথ্যের বিষয়ে কী কী প্রমাণ রয়েছে জানতে চাইলে সাখাওয়াত বলেন, "আমরা যা বলছি, তা-ই যথেষ্ট।"
ইসি সচিবালয়ের উপ-সচিব একেএম সলিমুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইসির চিঠির সঙ্গে সাকা চৌধুরীর হলফনামার কপি, আপিলের রায়ের কপিসহ সাতটি সংযুক্তি দেওয়া হবে।
কেন এই সুপারিশ
নবম সংসদ নির্বাচনের পর সালাহউদ্দিন কাদের চৌধুরী সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী হলফনামাসহ মনোনয়নপত্র দাখিল করেন। এতে তিনি শিক্ষাগত যোগ্যতার বিপরীতে 'নাই' উল্লেখ করেন। চট্টগ্রাম-২ আসনের অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম সাকা চৌধুরীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে আপিল দায়ের করেন।
আপিল শুনানিতে সাকা চৌধুরী বলেন, তিনি কয়েকবার সাংসদ নির্বাচিত হওয়ায় আইন প্রণেতা হিসাবে দেশব্যাপী তার পরিচিতি রয়েছে। সংসদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতার বিষয়টি কখনও আলোচিত হয়নি। হলফনামায় শিক্ষাগত যোগ্যতা 'নাই' বিষয়টি মুখ্য নয়, বরং গৌণ।
ইসি কর্মকর্তারা জানান, সালাহউদ্দিন কাদের ওই সময় আইন অনুযায়ী তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি ইসিতে জমা দেওয়ার প্রতিশ্র"তি দেন। এর ভিত্তিতে তার বিরুদ্ধে আনা আপিল নামঞ্জুর করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
পরবর্তীতে ইসি ১৩ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত সনদের অনুলিপি দাখিলের অনুরোধ জানালেও সাকা চৌধুরী তা জমা দেননি এবং এর কোনও ব্যাখাও দেননি।
গত ৩ জুন ইসি সচিবালয়ের এক চিঠির পরিপ্রেক্ষিতে সংসদ সচিবালয়ের গ্রন্থাগার ও গবেষণা অধিশাখা সাংসদদের 'জীবনবৃত্তান্ত' পর্যালোচনা করে ইসিকে তথ্য সরবরাহ করে বলে ইসি কর্মকর্তারা জানান।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইসি বলছে, সাকা চৌধুরী ১৯৭১ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ অনার্স পাস করে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অর্জন করেন। এরপর সাকা চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে হলফনামার তথ্য ও সংসদ সচিবালয়ের তথ্যের সুস্পষ্ট গরমিলের বিষয়ে ইসি নিশ্চিত হয়।
ইসি মনে করে, গণপ্রতিনিধিত্ব আদেশ-এর ১২ (৩খ) ধারা লঙ্ঘন করায় এবং কমিশন তা সংশোধনের সুযোগ দেওয়ার পরও তা গ্রহণ না করায় তিনি সংসদ সদস্য হিসেবে থাকবার যোগ্য নন। এ অবস্থায় সাকা চৌধুরীর আসনটি শূন্য ঘোষণা করার জন্য স্পিকারকে জানানো প্রয়োজন।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, স্পিকার স্বয়ং এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারেন অথবা তিনি নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার জন্যে মতামত দিতে পারেন।
আইনি বিষয়গুলো পর্যালোচনা করে স্পিকারই যথাযথ পদক্ষেপ নেবেন বলে আশা করছে ইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এমআই/১৮৩২ ঘ.
bdnews24