ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে জিনিসপত্রের দাম সহনীয় রাখতে চারটি খাদ্যপণ্য টিসিবির মাধ্যমে আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
পণ্যগুলো হলো- সয়াবিন তেল, পাম অয়েল, চিনি ও মসুর ডাল।
মঙ্গলবার সচিবালয়ে শিপ ব্রেকার অ্যাসোসিয়েশন ও আমেরিকান চেম্বারের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, "রমজানে জিনিসপত্রের দাম সহনীয় রাখতে যতটা করার ততটাই আমরা করব। এজন্য টিসিবির মাধ্যমে এ চারটি পণ্য আমদানি করা হবে।"
পণ্যগুলো আমদানির জন্য দরপত্র প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে ফারুক খান বলেন, "আগামী এক সপ্তাহের মধ্যেই আমদানি প্রক্রিয়া চূড়ান্ত হয়ে যাবে। আশা করছি, আগামীকাল (বুধবার) আমদানি বিষয়ে সরকারের অনুমোদন পাওয়া যাবে।"
বাজেটের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, "এবারের বাজেটে ব্যবসা বাণিজ্য কার্যক্রমে যেসব সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তাতে আগামী এক বছর ও পরবর্তী বছরগুলোতে ইতিবাচক প্রভাব পড়বে।"
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা ফায়জুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সয়াবিন তেল, পাম অয়েল ও চিনি ১২ হাজার ৫শ' মেট্রিক টন করে এবং মসুরের ডাল তিন হাজার মেট্রিক টন আমদানির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।"
শিপ ব্রেকার অ্যাসোসিয়েশনের নেতা আবুল কাশেম কাশেমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ও আমেরিকান চেম্বারের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদের নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দল বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর/ডটকম/এমএ/এফএফ/এমআই/১৪৩২ ঘ.
bdnews24