২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবান ও শরীয়তপুরে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

বান্দরবানে রোববার গভীর রাতে আগুনে একটি কলেজ ভবন পুড়ে গেছে। শরীয়তপুরে পুড়ে গেছে দোকান ও বাসাবাড়ি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানের রুমা উপজেলায় সাঙ্গু কলেজ ভবনটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 08:06 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানে রোববার গভীর রাতে আগুনে একটি কলেজ ভবন পুড়ে গেছে। শরীয়তপুরে পুড়ে গেছে দোকান ও বাসাবাড়ি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানের রুমা উপজেলায় সাঙ্গু কলেজ ভবনটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চেয়ারম্যান অংথোয়াইচিং জানিয়েছেন, গভীর রাতে কে বা কারা সেমি পাকা কলেজ ভবনে আগুন ধরিয়ে দেয়। আশপাশে জনবসতি ও দমকল বাহিনী না থাকায় পুরো কলেজ ভবনটি পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা হবে বলে দাবি করেন তিনি। চেয়ারম্যান জানান, ২০০২ সালে উপজেলায় সাঙ্গু কলেজটি স্থানীয় বিত্তশালী ও শিক্ষানুরাগী ব্যক্তিরা প্রতিষ্ঠা করেন। ৩ বছর চালু থাকার পর অর্থ সংকটে পড়ে ২০০৫ সালে কলেজটি বন্ধ হয়ে যায়। এরপর এলাকার লোকজন কলেজটি চালু করার উদ্যোগ নিলেও চালু করা যায়নি। শরীয়তপুর প্রতিনিধি জানান, শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর বাজারে আগুনে ১২টি দোকান ঘর ও একটি বাসাবাড়ি পুড়ে গেছে। বাজারের মহিউদ্দীন সুপার মার্কেটে রোববার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ওই দোকানগুলোর মালামাল পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর শরীয়তপুর দমকলের লোকজন সেখানে ঘটনাস্থলে পৌঁছায় বলে ব্যবসায়ীরা জানান। স্থানীয় দোকানদার সাঈদ ও বাদল খান জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মহিউদ্দীন সুপার মার্কেটের আল আমিন ষ্টোর, হাবীব খান, ইদ্রিস খান, আবদুল, বাবুল সরদারের মুদি দোকান, একটি লেপ তোশক, সিডি, কসমেটিকস, মাইক, সিলবার, কনফেকসনারী ও চা দোকান এবং আনাছার আলী নামের একজনের বাসাবাড়ি পুড়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। তবে দমকল ক্ষয়ক্ষতির কোনো তথ্য দিতে পারেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক দমকল কর্মী বলেন, তাৎক্ষণিভাবে ক্ষয়ক্ষতির হিসাব দেওয়া যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০২০১ ঘ.