২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে এখনো কেউ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশে এখনো কেউ সোয়াইন ফ্লু (এইচ১এন১) ভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক । তিনি বলেন, এরপরও সরকার আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 06:25 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে এখনো কেউ সোয়াইন ফ্লু (এইচ১এন১) ভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক । তিনি বলেন, এরপরও সরকার আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। মন্ত্রী সোমবার তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান। রুহুল হক জানান, বিশ্বের ৭৪টি দেশে এ ভাইরাস ব্যাপকভাবে বিস্তার লাভ করার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে মহামারি বলে ঘোষণা দিয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশও বিমানবন্দর, স্থলবন্দর ও নৌ-বন্দরগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সম্ভাব্য রোগীদের পরীক্ষা করে দেখছে। এ পর্যন্ত প্রায় সাড়ে ৪১ হাজার ব্যক্তিকে পরীক্ষা করে দেখা হয়েছে। তবে এদের শরীরে এ রোগের কোন লক্ষণ পাওয়া যায়নি। তিনি বলেন, এরপরও সরকার ঢাকাসহ সারাদেশের হাসপাতালগুলোতে এ ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রেখেছে। পর্যাপ্ত ওষুধও হাসপাতালগুলোতে সরবরাহ করা হয়েছে। কোন রোগী হাসপাতালে গেলে চিকিৎসার সমস্যা হবে না। স্বাস্থ্য সচিব শেখ আলতাফ আলী জানান, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। তাই যে কোন রোগই এখানে ঝুকিপূর্ণ। তবে আগে থেকে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, তাতে এ রোগের বিস্তার লাভের কোন সুযোগ নেই। এ নিয়ে আতংকেরও কিছু নেই। স্বাস্থ্য সচিব শেখ আলতাফ আলী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধি ও বিশেষজ্ঞদের নিয়ে এ বিষয়ে একটি সভা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২৩৫৫ ঘ.