২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার এক

কষ্টি পাথরের বুদ্ধ মূর্তিসহ সোমবার রাজধানীর ফার্মগেট থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপারেশন্স) আব্দুল মোমেন জানান, বিকেল ৪টার দিকে ফ্লাইট লেফটেন্যান্ট মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান এবং সহকারী পুলিশ সুপার আবুল হোসেনের নেতৃত্বে র‌্যাব-১ এর একটি বিশেষ দল ফার্মগেটের মোঘল আবাসিক হোটেলের ৩০৭ নম্বর কক্ষ থেকে কষ্টি পাথরের গৌতম বুদ্ধের মূর্তিটি উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 03:12 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কষ্টি পাথরের বুদ্ধ মূর্তিসহ সোমবার রাজধানীর ফার্মগেট থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপারেশন্স) আব্দুল মোমেন জানান, বিকেল ৪টার দিকে ফ্লাইট লেফটেন্যান্ট মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান এবং সহকারী পুলিশ সুপার আবুল হোসেনের নেতৃত্বে র‌্যাব-১ এর একটি বিশেষ দল ফার্মগেটের মোঘল আবাসিক হোটেলের ৩০৭ নম্বর কক্ষ থেকে কষ্টি পাথরের গৌতম বুদ্ধের মূর্তিটি উদ্ধার করে। এসময় র‌্যাব সদস্যরা মূর্তি চোরাচালানী সন্দেহে শওকত ওসমান (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। কালো পাথরের মূর্তিটির ওজন সাড়ে ১৮ কেজি বলে তিনি জানান। গ্রেপ্তার শওকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামুন নামের এক ব্যক্তি কুষ্টিয়া থেকে মূর্তিটি এনে তাকে বিক্রি করতে দিয়েছেন। বিক্রি করতে পারলে তাকে ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে তার সঙ্গে চুক্তি হয়। তিনি জমি কেনা-বেচার ব্যবসা করেন বলে জানান। তার বাড়ি মংমনসিংহের ভালুকায়। সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপনে মূর্তির খবর পায় র‌্যাব। এরপর তারা ক্রেতা সেজে তার সঙ্গে যোগাযোগ করে। ছদ্মবেশী র‌্যাব সদস্যদের কাছে মুর্তিটির দাম হাকা হয় সাড়ে ১৮ কোটি টাকা। তিনি বলেন, "দর কষাকষির পর দাম ঠিক হয় ১৭ কোটি টাকা। সোমবার বায়না হিসেবে তিন লাখ টাকা দেওয়ার কথা ছিল। এই টাকা নিয়ে তারা প্রথমে মগবাজারে গিয়ে শওকত ওসমানের সঙ্গে দেখা করে। এরপর তিনি ছদ্মবেশী র‌্যাব সদস্যদের জানান, মূর্তি ফার্মগেটে মোঘল আবাসিক হোটেলে রয়েছে।" র‌্যাব সদস্যরা হোটেল কক্ষে মূর্তি হাতে পাওয়ার পর নিজেদের পরিচয় প্রকাশ করে শওকতকে গ্রেপ্তার করে বলে র‌্যাব কর্মকর্তা আব্দুল মোমেন জানান। তিনি বলেন, এই মূর্তি বিক্রির কথা বলে ওসমান লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছিল। র‌্যাব কর্মকর্তা বলেন, "এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র রয়েছে বলে আমরা সন্দেহ করছি। শওকতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের মধ্যে মামুন নামের এক ব্যক্তির নাম এসেছে। মামুনকে পাওয়া গেলেই পুরো চক্রের সন্ধান পাওয়া যাবে বলে ধারণা করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসআইটি/টিআর/এইচএ/২১১৫ ঘ.