২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউটিসিসি ঘটনার তদন্ত শুরু করেছে সিএমপি

ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল (ডব্লিউটিসিসি) কার্যালয় দখল ও নতুন কমিটির দায়িত্বভার গ্রহণকে কেন্দ্র করে চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগের সাংসদ এম এ লতিফের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 02:46 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

চট্টগ্রাম, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল (ডব্লিউটিসিসি) কার্যালয় দখল ও নতুন কমিটির দায়িত্বভার গ্রহণকে কেন্দ্র করে চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগের সাংসদ এম এ লতিফের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গত শুক্রবার সাংসদ ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি লতিফের ডব্লিউটিসিসি কার্যালয়ে ঢোকাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা তদন্তে গঠিত চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চার সদস্যের কমিটি সোমবার সকাল থেকে কাজ শুরু করেছে। ডব্লিউটিসিসি কার্যালয়ে অপ্রীতিকর ঘটনা তদন্তে সিএমপি রোববার অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল জলিলকে প্রধান করে চার সদস্যের এ কমিটি গঠন করে। কমিটির অপর সদস্যরা হলেন, উপ পুলিশ কমিশনার (সদর) একেএম শহিদুর রহমান, সহকারি পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) বাবুল আকতার ও গোয়েন্দা শাখার পরিদর্শক মো. ফখরুল। উপ পুলিশ কমিশনার (সদর) শহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমিটির সদস্যরা সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই ঘটনায় জড়িত ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলেন তারা। তিনি বলেন, ঘটনার পরিষ্কার তথ্য পেতে কমিটি ওই ঘটনার সময়ের ছবি ও ভিডিও ফুটেজ জোগার করেছে। একই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির সদস্যদের সোমবার চট্টগ্রাম আসার কথা। এ কমিটি মঙ্গলবার থেকে কাজ শুরু করতে পারে বলে জানিয়েছেন সিএমপি'র উর্ধ্বতন এক কর্মকর্তা। এদিকে, সাংসদ লতিফ রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সিএমপি'র গঠিত তদন্ত কমিটি দুটি প্রত্যাখান করেছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্তে সংসদীয় এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান। নগরীর স্থানীয় একটি ক্লিনিকে দুই দিন চিকিৎসা নেওয়ার পর সাংসদ লতিফ রোববার রাতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এইচএ/২০৫০ ঘ.