ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিজ্ঞতাহীন একটি কোম্পানিকে কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ দেওয়ার ক্ষেত্রে কথিত 'অনিয়মের' অভিযোগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের যোগাযোগ ও নৌ-পরিবহন উপদেষ্টা এম এ মতিনকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় তদন্ত কমিটি।
সোমবার কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ শাহ আলম।
এই প্রথম সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের কোনও উপদেষ্টাকে তলব করতে যাচ্ছে সংসদীয় কোনও তদন্ত কমিটি।
সাবেক উপদেষ্টা মতিনের বিরুদ্ধে অভিযোগ, কন্টেইনার ব্যবস্থাপনায় পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও সাবেক এই উপদেষ্টা বিদায়ের দিন 'ইসহাক ব্রাদাসর্' নামের একটি নতুন কোম্পানিকে চট্টগ্রাম বন্দরে কাজ দেন।
অভিযোগ খতিয়ে দেখতে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গত ২৩ মে এ তদন্ত কমিটি গঠন করে।
কমিটির সোমবারের বৈঠকে বলা হয়েছে, ৬ জানুয়ারি রাত ৯টায় নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার সময় তড়িঘড়ি করে ওই কোম্পানিকে চট্টগ্রাম বন্দরের কাজ পাইয়ে দিয়েছিলেন মতিন।
বৈঠক শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শাহ আলম বলেন, "সাবেক উপদেষ্টা এম এ মতিন কেন ২৪ ঘণ্টার মধ্যে প্রতিষ্ঠানটিকে কাজ পাইয়ে দিয়েছিলেন তার ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার জন্য তলব করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।
"এম এ মতিন কবে আমাদের প্রশ্নের জবাব দেবেন সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে আমরা আবার বৈঠকে বসবো।"
২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকার গঠিত গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান ছিলেন মতিন।
শাহ আলম জানান, চট্টগ্রাম বন্দরের নথিপত্রে দেখা গেছে, মতিন টেন্ডার কমিটির প্রতিবেদন মূল্যায়নের জন্য ৫ জানুয়ারি বিকেল ৫টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড মিটিং ডাকেন।
তিনি জানান, বৈঠকের পর বন্দর কর্তৃপক্ষ ইসহাক ব্রাদার্সকে কাজ পাইয়ে দেওয়ার জন্য ফাইলটির প্রাথমিক কাজ সম্পন্ন করে তা বিমানযোগে ঢাকায় পাঠিয়ে দেয়।
আলম বলেন, "ফাইলটি ৬ জানুয়ারি সকালেই অনুমোদিত হয় এবং উপদেষ্টার স্বাক্ষরের পর প্রয়োজনীয় কাজকর্মের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানো হয়।
"ফাইলটি ৬ জানুয়ারি বিকেলে চট্টগ্রামে পৌঁছায় এবং বন্দর কর্তৃপক্ষ রাত ৯টায় ইসহাক ব্রাদার্সকে কাজ দেয়। বাংলাদেশের ইতিহাসে এটি একটি রেকর্ড। আমাদের জানা দরকার ফাইলটি কেন এতো দ্রুত আনা-নেওয়া করা হয়েছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/এইচএ/২০০০ ঘ.
bdnews24