ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে তৈরি বৈদ্যুতিক পণ্যকে জনপ্রিয় করে তোলার জন্য আগামী বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিনদিনের বৈদ্যুতিক পণ্য মেলা।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিমার সভাপতি নাসিম উল্লাহ হেমায়েত জানান, বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইজ ম্যানুফাকচারার্স এসোসিয়েশন (বিমা) এ মেলার আয়োজন করছে।
এতে দেশের ৫০টির মতো বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ৬০টি স্টল থাকবে।
মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
হেমায়েত বলেন, তৃতীয়বারের মতো এ ধরনের মেলার আয়োজন করছে বিমা। এ ধরনের মেলার আয়োজন করা হলে বাজারের চাহিদা অনুযায়ী পণ্যের মান বৃদ্ধিতে উৎসাহিত হন উদ্যোক্তারা।
মেলায় সুইচ, সকেট, মালটি কর্ড, এলটি সুইচ গিয়ার, মেইন সুইচ, ক্যাবল্স, ফ্যান, লাইট ফিটিংস, এনার্জি সেভিংস বাল্ব, সেল বাল্ব, মিটার, সাব স্টেশন সংক্রান্ত যন্ত্রপাতিসহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী স্থান পাবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এজে/টিআর/এইচএ/২১০০ ঘ.
bdnews24