জামালপুর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরের জগন্নাথগঞ্জ ঘাট রেল স্টেশনের নিরাপত্তা প্রহরীদের গুলিভর্তি তিনটি থ্রি নট থ্রি রাইফেল শুক্রবার রাতে চুরি হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহ পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
রেলের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপারিনটেনডেন্ট হাবিবুর রহমান, নিরাপত্তা বাহিনী প্রধান কমান্ডেন্ট আমিনুর রশীদ এবং জামালপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট মাহফুজুল ইসলাম জানান, শনিবার সকালে তারা ঘটনাস্থল জগন্নাথগঞ্জ ঘাট এলাকা পরিদর্শন করে চুরির বিষয়ে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন।
জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিপক কুমার দাস ও সরিষাবাড়ির তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক হযরত আলী জানান- রেলের নিরাপত্তা হাবিলদার আমিনুর রহমান, কনস্টেবল ইব্রাহিম খলিল ও শাহ-আলম মৃধা জগন্নাথগঞ্জ ঘাট রেল স্টেশনের টিনশেড ঘরের বিশ্রামাগারে অস্ত্র রেখে ঘরে তালা দিয়ে বাইরে যান। রাত ৮টার দিকে ঘরে সিঁদ কেটে ৩টি থ্রি নট থ্রি রাইফেল চুরি হয়। প্রতিটি রাইফেলে ১০ রাউন্ড করে তিনটিতে ৩০ রাউন্ড গুলি ছিল।
জামালপুর জিআরপি থানার সহকারী উপ-পরিদর্শক মহসীন আলী আকন্দ বাদী হয়ে শনিবার সন্ধ্যায় জিআরপি থানায় মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তার ছয়জনকে এ মামলায় আসামি করা হয়েছে। তারা হলেন- শাহাবুদ্দিন (৫৫), আব্দুল কাদের (৫০), আনোয়ার (২৫), আলাউদ্দিন (৩০), দুলাল (৪৫), নূরনবী (৪২)।
তাদের জামালপুর জিআরপিতে জিজ্ঞাসাবাদ চলছে বলে কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24