ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি, খাদ্য ও অর্থনৈতিক মন্দা বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক শনিবার ঢাকা ত্যাগ করেছেন।
আগামী ১৫ জুন মিশরের কায়রোতে 'গ্লোবাল সাউথ সাউথ ফোরাম লার্নিং অন ফুয়েল, ফুড অ্যান্ড ফাইনান্সিয়াল ক্রাইসিস' শীর্ষক একদিনের এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্বব্যাংক এর আয়োজন করেছে।
খাদ্যমন্ত্রী সম্মেলনে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হচ্ছেন- খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ হোসেন খান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক ফরহাদ উদ্দিন।
জাতিসংঘের মহাসচিব বান কি-মুন সম্মেলনে মূলপ্রবন্ধ উপস্থাপন করতে পারেন। এ সম্মেলনে হুগো ফ্রেমওয়ার্ক ফর কনভেশনে স্বাক্ষর করা ১৬১টি সহ প্রায় ২০০টি দেশের সরকার প্রধান, মন্ত্রী ও প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানা গেছে।
সম্মেলন শেষে ড. রাজ্জাক জাতিসংঘ-আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস কৌশলের গ্লোবাল প্ল্যাটফর্ম আয়োজিত দ্বিতীয় সেশনে অংশ নিতে জেনেভা যাবেন।
সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ১৬ থেকে ১৯ জুন এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে ২১ জুন মন্ত্রী দেশে ফিরতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০১৯ঘ.
bdnews24