২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে বিকল্প উপায়ে দ্রুত মামলা নিষ্পত্তির পরামর্শ আইনমন্ত্রীর

আদালতে মামলাজট নিরসনে প্রয়োজনে বিকল্প উপায়ে মামলা নিষ্পত্তি করতে সরকারি আইনজীবীদের পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেন, "বিশ্বের অনেক দেশেই বিকল্প পদ্ধতিতে আলাপ-আলোচনার মাধ্যমে মামলা নিষ্পত্তির ব্যবস্থা রয়েছে। এ প্রক্রিয়া আমাদের দেশেও চালু করা উচিত। এতে আদালত এবং জনগণ মামলাজট ও হয়রানি থেকে থেকে রেহাই পাবে। বিচারকাজও অনেক সহজ হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2009, 08:13 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে মামলাজট নিরসনে প্রয়োজনে বিকল্প উপায়ে মামলা নিষ্পত্তি করতে সরকারি আইনজীবীদের পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেন, "বিশ্বের অনেক দেশেই বিকল্প পদ্ধতিতে আলাপ-আলোচনার মাধ্যমে মামলা নিষ্পত্তির ব্যবস্থা রয়েছে। এ প্রক্রিয়া আমাদের দেশেও চালু করা উচিত। এতে আদালত এবং জনগণ মামলাজট ও হয়রানি থেকে থেকে রেহাই পাবে। বিচারকাজও অনেক সহজ হবে।" শনিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (জেএটিআই) সম্মেলন কক্ষে পাবলিক প্রসিকিউটরদের (সরকারি আইনজীবী) প্রশিক্ষণ বিষয়ক এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। জেএটিআই চেয়ারম্যান বিচারপতি হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল মান্নান। মামলাজট প্রসঙ্গে শফিক আহমেদ বলেন, "বিচারিক আদালতগুলোতে হাজার হাজার মামলা অনিষ্পন্ন অবস্থায় আছে। কিন্তু এসবের নিষ্পত্তি করা যাচ্ছে না। এসব মামলা নিষ্পত্তি করতে বেশি সময় নেবেন না। এসব মামলা দ্রুত নিষ্পত্তিতে আপনাদের পদক্ষেপ নিতে হবে।" তিনি বলেন, দুটি প্রক্রিয়ায় এসব মামলা নিষ্পত্তি করা সহজ হবে। এর একটি হচ্ছে- আদালতের কাছে সময় না নেওয়া অথবা মামলা মুলতবি না করা। অন্যটি হচ্ছে- আলাপ-আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা। ফৌজদারি ও দেওয়ানী- উভয় মামলার ক্ষেত্রেই এ পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। আইনমন্ত্রী বলেন, আইন ও অপরাধের ধরন এখন অনেক পরিবর্তন হয়েছে। সরকারি আইনজীবীদের এসব বিষয়ে জানতে হবে। এ প্রশিক্ষণ কর্মসূচি তাদের জন্য অনেক সহায়ক হবে। তিনি প্রশিক্ষণ নিয়ে সরকারি আইনজীবীদের সরকারের পক্ষে দৃঢ় অবস্থান নিতে বলেন। সরকারি আইনজীবীদের নানা অভাব-অভিযোগের ব্যাপারে সরকার একটি সম্মানজনক সমাধানের চেষ্টা করবে বলে আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, তবে এসব সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়। পর্যায়ক্রমে এসব সমাধানের উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে ঢাকার পিপি আব্দুল মান্নান বলেন, ঢাকার আদালতগুলোতে অনেক বেশি আইনজীবীকে পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকায় এতদিন পিপি, জিপি, অতিরিক্ত পিপি এবং এপিপি ৩৫ জন ছিল্ বর্তমানে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮। এর মধ্যে তিনজন অতিরিক্ত পিপি'র স্থানে নিয়োগ দেওয়া হয়েছে ১৮ জনকে। ফলে তাদের বসার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। এতে আইনজীবীরা বিব্রত। এর জবাবে শফিক আহমেদ বলেন, বিশেষ কোনো উদ্দেশ্যে তাদের নিয়োগ দেওয়া হয়নি। আইনজীবীদের পরামর্শেই তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তবে সরকার এসব সমস্যারও সমাধানের উদ্যোগ নিয়েছে। দ্রুতই এসব সমস্যার সমাধান হয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৫০৩ ঘ.