বগুড়া, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনের কর্মচারীরা দিনাজপুর থেকে আসা কয়েকজন সাংবাদিকদের ওপর বৃহস্পতিবার রাতে হামলা চালায়। এ সময় তারা সাংবাদিকদের একটি গাড়িও ভাঙচুর করে।
হামলায় দৈনিক ইত্তেফাকের ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি অমর চাঁদ গুপ্ত অপুসহ ৫ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় এস এম নুরুজ্জামান বগুড়া সদর থানায় একটি মামলা করেছেন। পুলিশ রাতেই সিএনজি স্টেশনের কর্মচারী মঞ্জুরুল আলম জুয়েল এবং নাসির উদ্দিন নামে দুজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার বিকেল পর্যন্ত আর কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব।
তিনি জানান, মামলার এজাহারভুক্ত অপর দুই আসামি টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরার স্বামী আনছার আলী ও তার ছেলে হায়দার আলীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
অমর চাঁদ জানান, তার শ্যালকের বিয়ে উপলক্ষে দিনাজপুরের বেশ কয়েকজন সাংবাদিক বরযাত্রী হয়ে বগুড়া এসেছিলেন।
দৈনিক যুগান্তরের দিনাজপুর প্রতিনিধি আহসানুল আলম সাথী জানান, দিনাজপুর থেকে বরযাত্রীবাহী ১৬টি গাড়ি রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরতলীর গোকুল এলাকায় টিএমএসএস সিএনজি স্টেশনে গ্যাস নিতে যায়। এ সময় একটি ট্রাক ওই বহরের একটি গাড়িকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সাংবাদিক শাহীন বিশ্বাস, আশরাফ পারভেজ, রাকিব হাসান, বিকাশ গুপ্ত ও মাহমুদুল হাসান আহত হন।
এ ঘটনায় তারা ট্রাক চালককে তাৎক্ষণিকভাবে আটক করে ক্ষতিপূরণ দাবি করেন। এ নিয়ে দু'পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সিএনজি স্টেশনের ১০/১২জন কর্মচারী হঠাৎ করেই তাদের ওপর চড়াও হয়।
সাথী জানান, স্থানীয় বেসরকারি সংস্থা (এনজিও) টিএমএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগমের ছেলে সিএনজি স্টেশনের মালিক হায়দার আলীর নেতৃত্বে হামলাকারীরা তাদের একটি মাইক্রোবাস ভাঙচুর করেছে। হায়দার আলীর বাবা অধ্যাপক আনছার আলী বন্দুক হাতে ঘটনাস্থলে এসে সাংবাদিকদের গুলি করার হুমকি দেন।
এ ঘটনায় করা মামলায় হায়দার আলী, তার বাবা আনছার আলী, সিএনজি স্টেশনের কর্মকর্তা মঞ্জুরুল আলম জুয়েল ও কর্মচারী নাসির উদ্দিনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০/১৫জনকে আসামি করা হয়েছে।
টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা পুরো ঘটনাকে 'অপ্রীতিকর' উল্লেখ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভুল বুঝাবুঝির কারণেই এমনটি হয়েছে। বিষয়টি মীমাংসার জন্য আমরা চেষ্টা করছি।"
হায়দার আলী দাবি করেন, সিএনজি স্টেশনে ডাকাতির খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তার বাবার বন্দুক হাতে সেখানে গিয়েছিলেন বলে তিনি স্বীকার করেন। তবে ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেছেন তিনি।
বগুড়া সিএনজি ওর্নাস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সোলায়মান জানান, ঘটনাটি মীমাংসা না হলে তারা প্রয়োজনে আন্দোলনে যাবেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) কেন্দ্রীয় সহ-সভাপতি আখতারুজ্জামান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (আরেক অংশ) এর কেন্দ্রীয় সদস্য এফ শাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে।
তারা দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। অন্যথায় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি সাংবাদিক নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২০ ঘ.
bdnews24