২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সদর থানার ওসি'র বিরুদ্ধে নির্যাতন করে ঘুষ আদায়ের অভিযোগ

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে নির্দোষ ব্যক্তিকে থানায় আটকে নির্যাতন করে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে। মো. সামিউল হক নামের এক যুবক ওসি মো. কামরুজ্জামানের বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 05:34 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

সাতক্ষীরা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে নির্দোষ ব্যক্তিকে থানায় আটকে নির্যাতন করে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে। মো. সামিউল হক নামের এক যুবক ওসি মো. কামরুজ্জামানের বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সামিউল হক শহরের সুলতানপুরে তার বাড়িতে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন। এ সময় তার মা ও ভাইসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। লিখিত অভিযোগে বলা হয়, গত ৬ জুন বিকেলে সামিউলকে সদর থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহিম থানায় ডেকে নিয়ে হাজতে আটকে রাখেন। রাতে সামিউল অসুস্থ হলে তিনি ওসি কামরুজ্জামানের কাছে কিছু ওষুধ চান। কিন্তু ওসি ওষুধ না দিয়ে এ সময় তাকে লাঠি দিয়ে প্রচণ্ডভাবে মারধর করেন। পরদিন সামিউলের আত্মীয়দের কাছ থেকে টাকা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়। সামিউল ওসি কামরুজ্জামানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ব্যাপারে ওসি কামরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, সামিউল তার বাড়ির সামনে মাতলামি করছে বলে কয়েকজন দোকানদার মৌখিক অভিযোগ করলে তাকে আটক করা হয়। পরে তার পরিবারের অনুরোধে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১০ ঘ.