ফরিদপুর, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভিটামিন ও কৃমিনাশক খেয়ে শিশু অসুস্থ হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি বুধবার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে।
দু'দিনের সফরে মঙ্গলবার তারা ফরিদপুর আসেন। বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা রয়েছে।
এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কমিটি প্রধান ডা. এবিএম জাহাঙ্গীর আলম বলেন, প্রাপ্ত তথ্য ও উপাত্ত পর্যালোচনা করে তদন্ত কমিটি প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে যে, ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক বড়ি খেয়ে কোনো শিশু অসুস্থ হয়নি বা ডায়রিয়ায় আক্রান্ত হয়নি।
কমিটির সদস্য ডা. একলাসুর রহমান বলেন, কমিটি নিশ্চিত হয়েছে দৌলতদিয়ার ১১ বছরের হাবিব মারা গেছে এনকেফালাইটিস রোগে। সে শুক্রবার অসুস্থ হয়েছিল।
আর শনিবার ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক বড়ি খাওয়ানো হয়। সেদিন হাবিব ওষুধ খেয়েছিল কি-না তা তার পরিবারের কেউ নিশ্চিত করতে পারেনি।
সকালে তদন্ত কমিটির সদস্যরা ফরিদপুর মেডিক্যাল কলেজের তত্তাবধায়ক ডা. ধীরেন্দ্রনাথ সর্দার এবং ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করুনাকান্ত দে'র সঙ্গে কথা বলেন।
মঙ্গলবার বিকেলে তদন্ত কমিটির সদস্যরা সিভিল সার্জন ডা. বশীরুল ইসলাম এবং রাতে জেলা প্রশাসকের সাথে কথা বলেন।
৪ জুন জেলার চর ভদ্রাসনে এবং ৬ জুন ফরিদপুরে ওষুধ খেয়ে শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়ে। এ ছাড়া দেশের আরও কয়েকটি জেলায় শিশুরা অসুস্থ হয়। এর পরিপ্রেক্ষিতে সরকার তদন্ত কমটি গঠন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৮ ঘ.
bdnews24