২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভয়াবহ ধসের দুই বছর, পাহাড় কাটা থামেনি

চট্টগ্রামের স্মরণকালের ভয়াবহতম পাহাড় ধসের দুই বছর পূর্তি হচ্ছে বৃহস্পতিবার। ২০০৭ সালের ১১ জুন সকালে বন্দর নগরী জেগে ওঠে ভয়াবহ ওই বিপর্যয়ের সংবাদে। প্রচণ্ড বর্ষণের কারণে পাহাড় ও দেয়াল ধসে ১২৭ জনের মর্মান্তিক মৃত্যু নগরবাসীকে স্তদ্ধ করে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 05:12 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

চট্টগ্রাম, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---চট্টগ্রামের স্মরণকালের ভয়াবহতম পাহাড় ধসের দুই বছর পূর্তি হচ্ছে বৃহস্পতিবার। ২০০৭ সালের ১১ জুন সকালে বন্দর নগরী জেগে ওঠে ভয়াবহ ওই বিপর্যয়ের সংবাদে। প্রচণ্ড বর্ষণের কারণে পাহাড় ও দেয়াল ধসে ১২৭ জনের মর্মান্তিক মৃত্যু নগরবাসীকে স্তদ্ধ করে দেয়। নগরী ও আশেপাশের সাতটি স্থানে পাহাড় ও দেয়াল ধসে কয়েক ঘন্টার মধ্যে ঘটে ভয়াবহ এ প্রাকৃতিক বিপর্যয়। এ মর্মান্তিক মৃত্যু পাহাড় রক্ষায় প্রশাসনের চরম দুর্বলতা ও অসতর্কতাকে আলোচনায় নিয়ে আসে। নগরীর কুসুমবাগ, কাছিয়াঘোনা, চট্টগ্রাম সেনানিবাসের লেডিস ক্লাব সংলগ্ন লেবু বাগান, বায়েজিদ বোস্তামী, মতিঝর্ণা এলাকাসহ সাতটি স্থানে পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়ে নিহত হয় শিশু, নারী, বৃদ্ধসহ সব বয়সের ১২৭ জন। কোনো কোনো পাহাড় ধসে পরিবারের সব সদস্য মারা যাওয়ার ঘটনাও ঘটে। নিহতরা সবাই ছিলেন বস্তিবাসী নিম্ন আয়ের মানুষ। শ্রমজীবী এসব মানুষের সহায় সম্বল সবকিছু তলিয়ে যায় মাটি ও পানির নিচে। ব্যাপক প্রাণহানির পাশাপাশি বৃষ্টিতে নগরীর সব এলাকা কয়েক ফুট পানির নিচে তলিয়ে যায়। নিম্নাঞ্চলের অধিকাংশ এলাকার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনা তদন্তে গঠিত কমিটি ওই দুর্ঘটনাকে মানবসৃষ্ট বিপর্যয় হিসেবে চিহ্নিত করে এজন্য পাহাড় দখলকারী প্রভাবশালী ভূমিদস্যুদের দায়ী করে। তদন্ত কমিটির মতে,'চট্টগ্রাম মহানগর ও পার্শ্ববর্তী এলাকার ভূ-তাত্ত্বিক গঠন ও অতিভারী বর্ষণ যেমন ওই দিনের পাহাড় ধসের জন্য কিছুটা দায়ী, তার চেয়ে অনেক বেশি দায়ী নির্বিচারে পাহাড় কর্তন।' এ ঘটনার পর প্রশাসন চট্টগ্রামে বেআইনী পাহাড় কাটার জন্য দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তৎপর হয়ে উঠলেও পরবর্তী সময়ে সে তৎপরতা থেমে যায়। পাহাড় কাটা এবং পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ আবাস নির্মাণও বন্ধ হয়নি যেকারণে আসন্ন বর্ষা মৌসুমে চট্টগ্রামে পাহাড় ধসে আবারও বিপর্যয় ঘটার আশঙ্কা করা হচ্ছে। পরিবেশ আন্দোলনকারীরা বলেছেন নগরীতে এখন কমপক্ষে ত্রিশটি পাহাড় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব পাহাড়ের ঢালে ও পাদদেশে তিন থেকে চার হাজার পরিবার বসবাস করছে। ১১ জুনের এ ভয়াবহ ঘটনাকে স্মরণ করতে পরিবেশবাদী সংগঠন জনউদ্যোগসহ বিভিন্ন সংগঠন বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনসহ নানা কর্মসূচী হাতে নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এসকে/২৩০৬ঘ.