২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘড়ির কাঁটা এগিয়ে আনলে জ্বালানি, গ্যাস, বিদ্যুতের সাশ্রয় হবে

ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে আনা হলে প্রায় ৫ শতাংশ জ্বালানি, ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস ও প্রায় দুই শ' মেগাওয়াট বিদ্যুতের সাশ্রয় হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 04:00 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে আনা হলে প্রায় ৫ শতাংশ জ্বালানি, ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস ও প্রায় দুই শ' মেগাওয়াট বিদ্যুতের সাশ্রয় হবে। ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বুধবার বিভিন্ন জাতীয় দৈনিকের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানানো হয়। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ই ইলাহী বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ঘড়ির কাঁটা এগিয়ে আনা হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, "বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় শুধু নতুন বিদ্যুৎ কেন্দ্র নয়, নবয়ানযোগ্য জ্বালানি যেমন বর্জ্য, সৌর, বায়ু ও জলবিদ্যুতসহ সব ধরনের বিকল্প নিয়ে চিন্তাভাবনা করছি।" ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনলে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে বলে উল্লেখ করে তিনি বলেন, "এর ফলে আশা করছি মানুষকে কিছুটা স্বস্তিতে রাখতে পারবো।" বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ বলেন, সিস্টেম লস কমিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে বিভিন্ন কোম্পানির সিস্টেম লস ক্রমাগত কমছে। শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব ওয়াহিদ হোসেন এবং অবজারভার, ফিনান্সিয়াল এক্সপ্রেস, নয়াদিগন্ত, আমাদের সময়, যায়যায়দিন ও বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিআর/২২০২ ঘ.