২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দা না কাটলে নতুন শ্রমিক নেবে না আমীরাত

অর্থনৈতিক মন্দা না কাটা পর্যন্ত বাংলাদেশ থেকে নতুন কোনো শ্রমিক নেবে না সংযুক্ত আরব আমীরাত। এছাড়া দ্বৈত কর এড়ানো ও বিনিয়োগ সংরক্ষণ নিয়ে দু'টি চুক্তি সই-এর পর আমীরাত বাংলাদেশে বিনিয়োগ করবে বলে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান জানিয়েছেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 03:47 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অর্থনৈতিক মন্দা না কাটা পর্যন্ত বাংলাদেশ থেকে নতুন কোনো শ্রমিক নেবে না সংযুক্ত আরব আমীরাত। এছাড়া দ্বৈত কর এড়ানো ও বিনিয়োগ সংরক্ষণ নিয়ে দু'টি চুক্তি সই-এর পর আমীরাত বাংলাদেশে বিনিয়োগ করবে বলে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান জানিয়েছেন। শেখ আবদুল্লাহ বিন জায়েদ বলেন, আপাতত শ্রমিক না নিলেও চলমান অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে ওঠার পর বাংলাদেশ থেকে তার দেশ আরও শ্রমিক নেবে। ঢাকা সফররত আমীরাতের পররাষ্ট্রমন্ত্রী বুধবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করার পর এক সংবাদ সম্মেলনে এ আশ্বাস দেন। এ মুহূর্তে নতুন শ্রমিক না নিলেও নাহিয়ান তার দেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সমস্যার কথা স্বীকার করে ক্রমান্বয়ে তা সমাধানের প্রতিশ্র"তি দিয়েছেন। নাহিয়ান ঢাকা আসেন বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে। ঢাকা ত্যাগ করেন সাড়ে আটটায়। তিনি বাংলাদেশে বিদ্যুৎ, অবকাঠামো, পর্যটন ও কৃষি খাতে বিনিয়োগ করার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে আলোচনা করেন। ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিয়ান বলেন, তারা বাংলাদেশের পর্যটন শিল্পে বিনিয়োগে খুবই আগ্রহী। এ কারণেই তারা বিনিয়োগের অনুক ূল পরিবেশ ও শর্তের ওপর গুরুত্ব দিচ্ছেন। সংবাদ সম্মেলনে দীপু মনি বলেন, আমীরাতের মন্ত্রী অবকাঠামো, বিদ্যুৎ, কৃষি, পর্যটনসহ অন্যান্য খাতে বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছে। বিনিয়োগ সংরক্ষণ ও দ্বৈত কর এড়ানো নিয়ে চুক্তি চুড়ান্ত করার জন্য সেপ্টেম্বরের আগে কোন এক সময় দুই দেশের অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন যৌথ কমিশন বৈঠকে বসবে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান। গত ১৭ বছর ধরে দু'দেশের যৌথ কমিশনের বৈঠক হয়নি। তিনি বলেন, চুক্তি দু'টি সই-এর চুড়ান্ত পর্যায়ে আছে। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমীরাতের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় সাড়ে তিন শ' মিলিয়ন ডলার। শ্রমিক নেওয়া প্রসঙ্গে আমীরাতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, "বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আরও শ্রমিক নিতে বলেছেন। কিন্তু কিছু দিনের জন্য এটা খুবই কঠিন হবে। কেননা আপনারা জানেন আমীরাতের অর্থনীতি বেসরকারি খাত দ্বারা পরিচালিত হয়ে থাকে।..আমরা বেসরকারি খাতকে কোনো বিশেষ দেশের লোক বেশি করে নিতে বলতে পারি না।" নাহিয়ান বলেন, "আমি আপনাদের একটা ভালো খবর দিতে চাই। বিশ্ব অর্থনৈতিক মন্দা যতটা খারাপ হবে বলে বিশ্লেষকরা আভাস দিয়েছিলেন আসলে ততটা খারাপ হয়নি। এই মন্দা দীর্ঘস্থায়ী না-ও হতে পারে।" সাত লাখ বাংলাদেশি শ্রমিক সমস্যার মধ্যে আছে বলে তিনি স্বীকার করেন। এই সমস্যা সমাধানে সংযুক্ত আরব আমীরাত উদ্যোগ নিচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসহ জীবনযাত্রার উন্নত মান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। আমীরাত এরই মধ্যে শ্রমিকদের ব্যাংকের মাধ্যমে বেতন দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করেছে বলে নাহিয়ান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/টিআর/এসকে/২৩৫২ঘ.