২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীরচরে খুনের ঘটনায় দুই বিএনপিকর্মী গ্রেপ্তার

কামরাঙ্গীরচরে চেয়ারম্যানের গুলিতে কিশোর নিহত হওয়ার ঘটনায় দুই বিএনপিকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম মাওলা রেজা বাদি হয়ে কামরাঙ্গীরচর থানায় মঙ্গলবার রাতে গুলি করে হত্যা, গুরুতর জখম, মারপিট, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 08:28 AM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কামরাঙ্গীরচরে চেয়ারম্যানের গুলিতে কিশোর নিহত হওয়ার ঘটনায় দুই বিএনপিকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম মাওলা রেজা বাদি হয়ে কামরাঙ্গীরচর থানায় মঙ্গলবার রাতে গুলি করে হত্যা, গুরুতর জখম, মারপিট, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করেছেন। কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় মনির চেয়ারম্যান ও তার দুই ভাইসহ ১৮ জনকে আসামি করা হয়। রাতেই অভিযান চালিয়ে হাসু ও নাজিমউদ্দীন নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, "এলাকায় এখনও সামান্য কিছু উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মনির চেয়ারম্যানের বাড়ির সামনে পুলিশ মোতায়েন রয়েছে।" মনির চেয়ারম্যানের খোঁজে অভিযান চালছে বলে ওসি জানান। মঙ্গলবার দুপুরে কামরাঙ্গীরচরের সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা মনির হোসেনের গুলিতে হাসান মিয়া নামে এক কিশোর নিহত হয়। এ ঘটনার জের ধরে উত্তেজিত জনতা মনির চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায় ও বাড়ি সংলগ্ন গ্যারেজে আগুন ধরিয়ে দেয়। তবে মনির হোসেনের পরিবারের দাবি, স্থানীয় আশরাফাবাদে বিশালাকারের খাস জমি দখলে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বাধা দিলে তারা মনির চেয়ারম্যানের ওপর হামলা চালায়। তাদের হামলা থেকে নিজেকে বাঁচাতে তিনি নিজের বৈধ অস্ত্র দিয়ে গুলি ছোড়েন। মামলার আসামিরা হলেন- চেয়ারম্যান মনির হোসেন (৪৫), তার ভাই আজগর আলী (৪০) ও শাহ আলম (২৮), কাশেম (২৪), টুটুল (২৪), হাবিল (২৮), রহমতউল্লাহ (২৫), সামির (৩০), তোফাজ্জল (২৬), দ্বীন ইসলাম (২৭), ফারুক (২৪), রাশেদুল হক বাবু (৩০), পারভেজ (২৬), হাশেম (৫০), মাইনুদ্দীন (৩৪), শরীফ (২৮), হাসু (৩২) ও নাজিমউদ্দীন ওরফে নাজু মেম্বার (৪৫)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১৪৩৫ ঘ.