যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ব্রিগেডিয়ার বারী
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বারী।
তার ঘনিষ্ঠ এক জন নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার এ তথ্য জানিয়েছেন।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এই নিরাপত্তা উপদেষ্টাকে গত মাসে দেশে তলব করে সরকার। গত ৭ মে তিনি দূতাবাসের দায়িত্ব ছেড়ে দেন। এর পর থেকেই তাকে প্রকাশ্যে দেখা যায়নি।
ফজলুল বারী রাজনৈতিক আশ্রয় পাবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। কারণ এ সুযোগ পাওয়ার জন্য তাকে প্রমাণ করতে হবে, দেশে ফিরলে তার জীবন সংশয়ে পড়তে পারে।
সেনা সমর্থিত গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ফজলুল বারী প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের এক জন পরিচালক ছিলেন। শীর্ষ রাজনীতিবিদ এবং আমলাদের গ্রেপ্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে মনে করা হয়।
ওই সময় সরকার ঘনিষ্ঠ রাজনৈতিক নেতাদের সঙ্গে ব্রিগেডিয়ার বারীই যোগাযোগ রাখতেন বলে জানা হয়। এছাড়া রাজনৈতিক নেতাদের হেনস্তা করার জন্যও অনেকে দায়ী করেন তাকে।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আব্দুল জলিল এবং মহীউদ্দীন খান আলমগীরের মতো দলের শীর্ষ নেতারা বেসামরিক প্রশাসনে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রভাব সীমিত করার দাবি জানান।
তারা অভিযোগ করেন, কারাবন্দি থাকা অবস্থায় ডিজিএফআই'র লোকজন তাদেরকে হয়রানি ও নির্যাতন করেছে।
সরাসরি নাম উল্লেখ না করেই রাজনীতিবিদরা ব্রিগেডিয়ার বারীর দিকেই ইঙ্গিত করেন।
২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর সেনাবাহিনীর সমর্থন নিয়ে ক্ষমতায় আসে ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। তাদের দুই বছরের শাসনকালে দুর্নীতির অভিযোগে দুই প্রধান দলের নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াসহ বহু রাজনৈতিক নেতা গ্রেপ্তার হন।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে।
