রংপুর, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে মঙ্গলবার ভোরে এক ব্যক্তিকে হত্যা করে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছে সন্ত্রাসীরা।
নিহত ব্যক্তি হলেন বাবলু (৪৫)। রংপুর শহরের নিউ ইঞ্জিনিয়ার পাড়ার মৃত নজমউদ্দিনের ছেলে বাবলু শহরের লক্ষ্মী সিনেমা হলে টিকিট বিক্রি করতেন।
বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মনসুর আলী ও প্রত্যক্ষদর্শী মমতাজউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লালমনিরহাট থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী ৪১৫ নম্বর ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন ভোর সোয়া ৫টার দিকে বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। ট্রেনটি বদরগঞ্জ স্টেশন ছাড়ার পরপরই বাবুলকে হত্যা করে ট্রেন থেকে ফেলে দেয় দুর্বৃত্তরা।
মমতাজউদ্দিন লালমনিরহাট থেকে ওই ট্রেনেই বদরগঞ্জ এসে নামেন।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, "বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"
তিনি আরও বলেন, "পুলিশ লাশ উদ্ধার করে বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে নিয়ে এসেছে। তার বুকে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে লুঙ্গি ও ফুল হাতা শার্ট রয়েছে।"
বাবুলের পকেটে ১৮১ টাকা এবং দুটি মোবাইল ফোন নম্বর লেখা একটি চিরকুট পাওয়া গেছে।
ওসি জানান, রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩৪৭ ঘ.
bdnews24