২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে সাংসদদের কর্তৃত্ব

সাংসদদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে দেশের বেসকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠনে নতুন বিধান জারি করেছে সরকার। নতুন বিধান অনুযায়ী কলেজ পর্যায়ে একজন সাংসদ তার নির্বাচনী এলাকায় সর্বোচ্চ চারটি প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির (গভর্নিং বডি) সভাপতি হতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 05:30 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে দেশের বেসকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠনে নতুন বিধান জারি করেছে সরকার। নতুন বিধান অনুযায়ী কলেজ পর্যায়ে একজন সাংসদ তার নির্বাচনী এলাকায় সর্বোচ্চ চারটি প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির (গভর্নিং বডি) সভাপতি হতে পারবেন। সোমবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠনের নতুন এ বিধান জারি করে। ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ শামসুল হক রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ সংক্রান্ত সরকারি পরিপত্র জারির কথা নিশ্চিত করেছেন। বিগত রাজনৈতিক সরকারগুলোর আমলে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হওয়া নিয়ে সাংসদদের রীতিমত প্রতিযোগিতায় নামতে দেখা গেছে। এনিয়ে অনেক বিতর্ক এবং অভিযোগও ওঠে বিভিন্ন সময়। তত্ত্বাবধায়ক সরকার জেলা প্রশাসকদের সর্বোচ্চ পাঁচটি প্রতিষ্ঠানের সভাপতি করার নিয়ম করে এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করে। তবে বর্তমান সরকার তা পাস না করেনি। নতুন নিয়ম অনুযায়ী স্থানীয় সংসদ সদস্য তার এলাকার সর্বোচ্চ চারটি প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হতে পারবেন। এর বাইরে অন্যান্য প্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠনে প্রতিষ্ঠান প্রধানকে স্থানীয় নির্বাচিত সংসদ সদস্য ও শিক্ষানুরাগী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সভাপতি ঠিক করতে হবে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে শিক্ষানুরাগী ব্যক্তি, জনপ্রতিনিধি, সমাজসেবক বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাদের সভাপতি করা যাবে। তবে দু'টির বেশি প্রতিষ্ঠানের সভাপতি কেউ হতে পারবেন না। কমিটিতে সংরক্ষিত কোটায় একজন নারী অভিভাবক ও একজন শিক্ষক প্রতিনিধি রাখারও নিয়ম রাখা হয়েছে। গভর্নিং বডি (কলেজ পর্যায়ের পরিচালনা কমিটি) ও ম্যানেজিং কমিটি (স্কুল পর্যায়ের পরিচালনা কমিটি) হবে ১২ সদস্য বিশিষ্ট। তবে বিদ্যোৎসাহী হিসেবে একজন সদস্য কো-অপ্ট করতে পারবে প্রতিষ্ঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসকে/২৩৩৬ঘ.