২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরে হত্যার অভিযোগে চাঁদপুরে দুই 'রাজাকারের' বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে দুই 'রাজাকারের' বিরুদ্ধে সোমবার চাঁদপুরে একটি মামলা হয়েছে। মামলায় দুই রাজাকার ছাড়াও ৮/১০জন অজ্ঞাতনাম পাকিস্তানি সেনা সদস্যকেও আসামি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 01:39 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

চাঁদপুর, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে দুই 'রাজাকারের' বিরুদ্ধে সোমবার চাঁদপুরে একটি মামলা হয়েছে। মামলায় দুই রাজাকার ছাড়াও ৮/১০জন অজ্ঞাতনাম পাকিস্তানি সেনা সদস্যকেও আসামি করা হয়েছে। অতিরিক্ত প্রধান বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন সদর উপজেলার শাহতলী এলাকার শহীদ আব্দুস সাত্তার কারীর স্ত্রী মোসাম্মত খায়নুর নেসা। বাদীর আইনজীবী মো. রফিকুল ইসলাম ভূইয়া জানান, মামলাটি দায়ের করার পর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. সেলিম মামলাটি এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন চাঁদপুর মডেল থানাকে। আসমিরা হলেন- সদর উপজেলার শাহতলী এলাকার মকবুল আহম্মদ খান ওরফে বতু এবং হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকার মো. সফিউল্লা পাটওয়ারী। মামলার এজাহারে তাদের 'রাজাকার' বলে উল্লেখ করা হয়েছে। খায়রুন নেসা অভিযোগ করেন তার স্বামী আব্দুস সাত্তার কারী এলাকায় থেকে মুক্তিযোদ্ধাদের সাহায্য করতেন। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ভোর সাড়ে ৫টায় আসামিরা তাকে বাড়ি থেকে ধরে রাইফেলের বাঁট দিয়ে মারতে মারতে রাজাকার ক্যাম্পে নিয়ে যায়। একইভাবে তার বন্ধু আব্দুস সাত্তার গাজীকেও ওই বাড়ি থেকে ধরে নিয়ে যায় তারা। রাজাকার ক্যাম্পে ওই দু'জনকে হত্যার পর লাশ বস্তায় ভরে খালের পানিতে ভাসিয়ে দেয়। তাদের লাশ আর পাওয়া যায়নি বলেও এজাহারে উল্লেখ করা হয়। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মনির আহমেদ বলেন, "আমরা আদালত থেকে এখনও এ সংক্রান্ত কোনো আদেশ পাইনি। আদালতের আদেশ আসার পর তা তদন্ত করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪৮ ঘ.