২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সারোয়ার হোসেন সুমন (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার সকালে সাভার বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন রাঙ্গাবন নার্সারি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 10:22 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

সাভার, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সারোয়ার হোসেন সুমন (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার সকালে সাভার বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন রাঙ্গাবন নার্সারি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। সুমন রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। দুই বোন এক ভাইয়ের মধ্যে সুমন সবার ছোট। সে উপজেলার সাধনপুর স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল। সুমনের বড় বোন রেশমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বাসায় বেড়াতে আসা ছোট বোন ডলিকে বাড়ি নেওয়ার জন্যে সুমন সাভারে এসেছিল। সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা নৈশকোচে সোমবার ভোরে সাভার বাজার বাসস্ট্যান্ডে নামার পরই একদল ছিনতাইকারী তাকে স্থানীয় রাঙ্গাবন নার্সারিতে ধরে নিয়ে সবকিছু কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সুমন চিৎকার দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে এসআই আজিজ জানান। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনও উদঘাটন করতে পারেনি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তারও করতে পারেনি। তিনি জানান, সুমনের আত্মীয় স্বজন জানিয়েছে ভবানীগঞ্জ গ্রামের পারুর সঙ্গে তার প্রেম ছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ এমনও ধারণা করছে সুমনকে পরিকল্পিতভাবে খুন করে থাকতে পারে। এ ঘটনায় সুমনের পরিবার পারুর মামা ভুলু, সুমনের চাচাত ভাই জাকিরুল ইসলাম ওরফে জজ, সাইফুল ও শরিফুলকে আসামি করে সাভার থানায় মামলা করেছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬২৮ ঘ.