২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএন-৩৫ভিটামিন 'এ' ক্যাপসুল নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই: উপদেষ্টা

ভিটামিন 'এ' প্লাস ক্যপসুল ও কৃমিনাশক ট্যাবলেট নিয়ে আতংকিত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। তিনি বলেন, ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ার পর শিশুদের পাতলা পায়খানা হতে পারে। এটি মারাত্মক কিছু নয়। এ ক্যাপসুল খেয়ে শিশু মৃত্যুর নজির বিশ্বের কোথাও নেই।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2009, 03:08 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

গোপালগঞ্জ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম) - ভিটামিন 'এ' প্লাস ক্যপসুল ও কৃমিনাশক ট্যাবলেট নিয়ে আতংকিত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। তিনি বলেন, ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ার পর শিশুদের পাতলা পায়খানা হতে পারে। এটি মারাত্মক কিছু নয়। এ ক্যাপসুল খেয়ে শিশু মৃত্যুর নজির বিশ্বের কোথাও নেই।" রোববার বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসে জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের বলেন, "প্রচারণার অভাবে ফরিদপুরসহ দেশের বিভিন্নস্থানে এ ক্যাপসুল খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। এ ব্যর্থতার দায় আমাদের। প্রচারণার গাফিলতির বিষয়টি তদন্ত হচ্ছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" শিশুদের ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর বিষয়ে সচেতনতা বাড়াতে সরকার উদ্যোগ নেবে, যাতে এ ধরনের ঘটনা না ঘটে। অচিরেই এ ব্যাপারে মিডিয়ার সহযোগিতায় ওয়ার্কশপ করা হবে বলেও তিনি জানান। গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নুর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মনির, পরিবার পরিকল্পনা বিভাগের মহাপরিচালক আব্দুল কাইয়ূম, গোপালগঞ্জের জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. হায়দার আলী খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু প্রমুখ। সকাল ১১টায় উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের টুঙ্গিপাড়া পৌঁছান। সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও পুস্পস্তবক অর্পণ করেন। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি টুঙ্গিপাড়া শেখ ছাহেরা খাতুন রেডক্রিসেন্ট হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। এরপর উপদেষ্টা টুঙ্গিপাড়া শেখ রাসল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে যান। দুপুর ১টায় উপদেষ্টা সার্কিট হাউসে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, মুকসুদপুর, কাশিয়ানী ও কোটালীপাড়া আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন। পরে বেগম ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান নির্মাণের প্রস্তাবিত স্থান ঘুরে দেখেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৫ ঘ.