২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাণিজ্যিক উৎপাদনে লাভ না হলেও উর্বরতার জন্য জৈব সার চাই'

জৈব সার বাণিজ্যিকভাবে উৎপাদন লাভজনক হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তবে এক কর্মশালায় এ মত দিয়েও সবাই স্বীকার করেছেন, মাটির উর্বরতা ও গুণাগুণ রক্ষার জন্য এ ধরনের সারের ব্যবহার বাড়াতে হবে। বাণিজ্যিক ভিত্তিতে জৈব সার উৎপাদন ও বিপণনে লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করা নিয়ে এক কর্মশালায় শনিবার বক্তারা এসব কথা বলেন। 'সমুন্নয়' ও 'ক্যাটালিস্ট' যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2009, 12:59 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জৈব সার বাণিজ্যিকভাবে উৎপাদন লাভজনক হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তবে এক কর্মশালায় এ মত দিয়েও সবাই স্বীকার করেছেন, মাটির উর্বরতা ও গুণাগুণ রক্ষার জন্য এ ধরনের সারের ব্যবহার বাড়াতে হবে। বাণিজ্যিক ভিত্তিতে জৈব সার উৎপাদন ও বিপণনে লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করা নিয়ে এক কর্মশালায় শনিবার বক্তারা এসব কথা বলেন। 'সমুন্নয়' ও 'ক্যাটালিস্ট' যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। বিশেষ করে রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের কুফলের কারণে অনেক বিশেষজ্ঞ পরিবেশ বান্ধব জৈব সার ও প্রাকৃতিক বালাই দমনের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছেন। জৈব সারের ব্যবহার রাসায়নিক সারের চাহিদার ওপর চাপ অনেকখানি কমাবে বলেও মনে করা হয়। কিন্তু কর্মশালায় ভেজালের প্রবণতাসহ নানা কারণে জৈব সারের ওপর একক নির্ভরতার বিপক্ষে মত দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, এখন গোচারণ ভূমি নেই বলে গোবর থেকে সার তৈরি করা কঠিন। বাজারের জৈব সারে গোবরের পরিমাণ নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি অভিমত দেন জৈব সার কখনো মূল উপাদান হতে পারে না। কাজেই রাসায়নিক সার বাদ দেওয়া যাবে না। মন্ত্রী বলেন, "পোল্ট্রি বর্জ্য নিয়ে যারা সার উদ্ভাবনের চিন্তা করেছে তারা বার্ড ফ্লুতে মার খেয়েছে।" মতিয়া বলেন, কৃষককে প্রতারিত হওয়া থেকে বাঁচাতে লাইসেন্স দিতে প্রয়োজনীয় সময় নেওয়া হবে। তবে হয়রানি কমানো হবে বলে তিনি আশ্বাস দেন। মানের প্রশ্নে সরকার কঠোর হবে বলে জানান তিনি। কর্মশালার বিশেষ অতিথি কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদও বাণিজ্যিকভাবে জৈব সার উৎপাদন করা লাভজনক হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, "আমার মনে হয় বাণিজ্যিকভাবে লাভজনক হবে না। লাভজনক করতে হলে ভেজাল মেশাতে হবে। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে।" শিল্প সচিব দেওয়ান জাকির হোসাইন বলেন, "বড় আকারে জৈব সারের কারখানা স্থাপনের সুযোগ আমাদের নেই। তবে স্থানীয়ভাবে মডেল আকারে পরীক্ষা করে দেখা যেতে পারে।" কৃষি মন্ত্রণালয়ের সচিব সি কিউ কে মোস্তাক আহমেদ কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন। কর্মশালায় অন্য বক্তারা উদ্বেগ জানিয়ে বলেন, জৈব সারের নামে ভেজাল সার দেওয়া হচ্ছে। লবণে রং মিশিয়ে বা ড্রেনের মাটিকে জৈব সার হিসাবে বিক্রি করা হচ্ছে। তারা বলেন, ভেজাল জৈব সার ব্যবহারে উপকারের চেয়ে অপকারই বেশি হচ্ছে। তবে মাটির উর্বরতা রক্ষা করতে হলে জৈব সারের ওপর গুরুত্ব দিতে হবে। এ সার তৈরি ও ব্যবহারে কৃষককে সম্পৃক্ত করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৮৫৩ঘ.